
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের আয়োজনে থার্টি ফার্স্ট ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়। এই আয়োজনে মঞ্চ মাতান উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত। তিনি তাঁর ব্যান্ড নিয়ে প্রায় আড়াই ঘণ্টায় ২১টি গান গেয়ে শোনান।
এর আগে বর্ণাঢ্য র্যালি ও র্যাফল ড্র ছিল। পরে বাংলাদেশি ব্যান্ড বেজব্যান্ড ও সরলা সংগীত পরিবেশন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অঞ্জন দত্তকে বাংলাদেশে নিয়ে আসার জন্য যাবতীয় সবকিছু এবং মূল প্রোগ্রামের ডিজাইন ও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন থার্টি ফার্স্ট ফেস্টের প্রধান সমন্বয়ক শাহরিয়ার মোস্তফা। তিনি বলেন, ‘অঞ্জন দত্ত ও তাঁর ব্যান্ডকে বাংলাদেশে নিয়ে আসতে পারা রীতিমতো স্বপ্নপূরণের মতো ব্যাপার! ওনারাও দারুণ খুশি আমাদের আতিথেয়তা ও দর্শক প্রতিক্রিয়ায়।’
থার্টি ফার্স্ট ফেস্ট আয়োজনের আহ্বায়ক ৩১তম ব্যাচের মো. মাহমুদুল হাসান রুবেল (সহযোগী অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ) জানান, ‘আমাদের ব্যাচের কয়েকজন বন্ধুর অসাধারণ চেষ্টায় এমন একটা ফেস্টিভ্যাল করা সম্ভব হলো।
ফিন্যান্সিয়াল পুরো ব্যাপারটা সমন্বয় করেছেন ফেস্টের ট্রেজারার ও ডেপুটি ট্যাক্স কমিশনার নাজমুল আহসান (আইবিএ)। টাইটেল ও কো-স্পনসর ম্যানেজমেন্ট করেছেন মিজানুর রহমান (সরকার ও রাজনীতি), নাজনীন সুলতানা (জিওলজি) ও আবদুল কারিম (আইবিএ) প্রমুখ। ব্যাচের প্রাক্তনদের রেজিস্ট্রেশন ও খাবার বিতরণের দায়িত্বে ছিলেন ফরিদ আহমেদ (অর্থনীতি), মাহবুবুল আলম (আইবিএ), গাজী সালাহ উদ্দিন (রসায়ন), রাজু আহমেদ (ইতিহাস), রেজওয়ান তালুকদার (ইতিহাস), হামিদুল ইসলাম (রসায়ন), শাহানুয়ারে শাহিদ (অর্থনীতি)। ভিডিওগ্রাফি ও অনলাইন লাইভের দায়িত্বে ছিলেন প্রডিউসার মামুন আবদুল্লাহ (ড্রামাটিক্স-৩১)।’