স্থপতি মাজহারুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক রেহমান সোবহান। ঢাকা, ২৫ ডিসেম্বর
স্থপতি মাজহারুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক রেহমান সোবহান। ঢাকা, ২৫ ডিসেম্বর

স্থাপত্যে বিশ্বমানের মাপকাঠি তৈরি করেছেন স্থপতি মাজহারুল ইসলাম

স্থাপত্যের পাশাপাশি দেশের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গভীরভাবে জড়িত ছিলেন স্থপতি মাজহারুল ইসলাম। বাংলাদেশের ভূমি পরিকল্পনা নিয়ে তিনি ছিলেন ভীষণ উদগ্রীব। তিনি বাংলাদেশের স্থাপত্যে বিশ্বমানের মাপকাঠি তৈরি করেছেন।
স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর স্থাপত্য, শিল্পচিন্তা, রাজনীতি ও  জীবনদর্শন নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উঠে এল এসব কথা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনে তিনটি পর্বে অনুষ্ঠিত হয় এ আয়োজন। প্রথমে মাজহারুল ইসলাম এবং তাঁর সতীর্থ, সহকর্মীদের স্মৃতিচারণা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। দ্বিতীয় পর্বে ছিল তাঁর কাজ ও দর্শন নিয়ে আলোচনা। তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, মাজহারুল ইসলাম শুধু একজন স্থপতি নন, তিনি ছিলেন রাজনীতি সচেতন। একই সঙ্গে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে সক্রিয় একজন মানুষ। বাংলাদেশের ভূমি পরিকল্পনা নিয়ে তিনি ছিলেন ভীষণ উদগ্রীব।

রেহমান সোবহান আরও বলেন, বঙ্গবন্ধুর কাছে মাজহারুল ইসলাম বাংলাদেশের ফিজিক্যাল প্ল্যানিংয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এই পরিকল্পনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আরও এগিয়ে যেত।

আলোচনা পর্বে ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, মাজহারুল ইসলামের দর্শনচিন্তা শুধু স্থাপত্যবিদ্যার জন্য নয়, বাঙালির চিন্তাচেতনার জন্য প্রয়োজন। তিনি বাংলাদেশের স্থাপত্যে বিশ্বমানের মাপকাঠি তৈরি করেছেন। স্থাপত্য যে এখন পর্যন্ত দরিদ্র মানুষের অধিকারে পরিণত হয়নি, সেই ভাবনা থেকে তিনি বাঙালি সমাজের গৃহনির্মাণ কলা এবং অন্তর্নিহিত সংস্কৃতি ও দর্শনকে পাঠ করেছেন।
স্থপতি শামসুল ওয়ারেসের বক্তব্যে উঠে আসে ১৯৬৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়ার পরপরই মাজহারুল ইসলামের ‘বাস্তুকলাবিদ’ কার্যালয়ে কাজ নেওয়ার স্মৃতিচারণা। প্রয়াত কবি ও স্থপতি রবিউল হুসাইনসহ শামসুল ওয়ারেসরা চারজন সেদিন একসঙ্গে কাজ শুরু করেছিলেন স্থপতি মাজহারুল ইসলামের সঙ্গে।

শামসুল ওয়ারেস আরও বলেন, ‘এই অঞ্চলে স্থাপত্যে আধুনিকতাবাদের প্রচলন করা মাজহারুল ইসলাকে প্রভাবিত করেছিল ফরাসি স্থপতি ল্য করবুজিয়ের স্থাপত্যচিন্তা। তাঁর নকশা করা আর্ট কলেজ (বর্তমানে চারুকলা অনুষদ) স্থাপত্যে আধুনিকতার উৎকৃষ্ট উদাহরণ, যেখানে আমরা ল্য করবুজিয়েরের স্থাপত্যচিন্তার কিছুটা প্রভাব দেখতে পাই।’

আলোচনা সভা সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। স্বাগত বক্তব্যে মাজহারুল ইসলাম সম্পর্কে জানাতে গিয়ে কালি ও কলমের প্রয়াত সম্পাদক আবুল হাসনাতের একটি লেখা থেকে উদ্ধৃত করে তিনি বলেন, ২০১১ সালে আবুল হাসনাত লিখেছিলেন, ‘স্থাপত্য বিদ্যাচর্চার মধ্য দিয়ে জীবনচর্চা নান্দনিক হয়ে উঠতে পারে তা জানালেন মাজহারুল ইসলাম।’

আয়োজনের তৃতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী ও মাজহারুল ইসলামের মেয়ে ডালিয়া নওশিনসহ অন্য শিল্পীরা। বেঙ্গল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাজহারুল ইসলামের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজন করে মাজহারুল ইসলাম ট্রাস্ট। সহযোগিতায় ছিল বেঙ্গল ইনস্টিটিউট।