ভারতভাগের পর ১৯৪৯ সালের ১৬ জুলাই চট্টগ্রামে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। এই ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে চা নিলামকারী মায়িশা রহমান। এই ব্যতিক্রমী পেশা, নিলাম পরিচালনার চ্যালেঞ্জসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ।
আপনি যে চায়ের নিলাম পরিচালনার কাজ করা প্রথম নারী, সেটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কে কী বলল?
মায়িশা রহমান: চায়ের নিলামের সঙ্গে যুক্ত ক্রেতারা এত দিন বিষয়টি জানতেন। তবে আমাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এখন অনেকেই জেনেছেন। অনেক সাড়া পেয়েছি। বন্ধু-আত্মীয়স্বজন ও চা খাতের সঙ্গে যুক্ত অনেকের উৎসাহ পাচ্ছি।
আপনার মা-বাবা কী বলেছেন?
মায়িশা রহমান: বাবার স্বপ্ন ছিল আমি যেন চা খাতের সঙ্গে থাকি। বাবার স্বপ্ন পূরণ হয়েছে। মা-বাবা দুজনেই খুব খুশি।
আপনি তো টি টেস্টারও (চায়ের স্বাদ পরীক্ষক)। এ পেশায় এখন কোনো নারী নেই?
মায়িশা রহমান: ইস্পাহানি টি কোম্পানিতে একজন নারী টি টেস্টার ছিলেন। এখন নেই। আর চায়ের নিলাম পরিচালনায় আমিই একমাত্র নারী।
নিলাম পরিচালনা করতে কখনো অসুবিধা হয়েছে?
মায়িশা রহমান: না। আমার বাবাসহ আত্মীয়স্বজনের অনেকে চা খাতের সঙ্গে যুক্ত। এ জন্য এই পেশায় কখনো অসুবিধা হয়নি। শুরু থেকেই নিলামে চায়ের ক্রেতা কিংবা গ্রাহকেরা ইতিবাচক হিসেবে দেখছেন।
নিলাম পরিচালনা কতটা কঠিন?
মায়িশা রহমান: সাতটি ব্রোকার (মধ্যস্থতাকারী) প্রতিষ্ঠানের মধ্যে আমি প্রডিউস ব্রোকারস লিমিটেডের পক্ষে নিলাম পরিচালনা করি। চায়ের পরিমাণের ওপর নির্ভর করে আধঘণ্টা থেকে এক ঘণ্টা হয়তো সময় পাওয়া যায়। এ সময়ে নির্ধারিত চা নিলামে তুলতে হয়। এটা বড় চ্যালেঞ্জ।
নিলামে চা তোলার আগে মান যাচাই করেন কীভাবে?
মায়িশা রহমান: নিলামে বিভিন্ন বাগানের চা তোলার আগে গ্রেড (মান) নির্ধারণ করতে হয়। লিকার কিছুক্ষণ মুখে রেখে চায়ের মান যাচাই করা হয়। এটা দীর্ঘ অভিজ্ঞতার বিষয়। আমি এখনো শিখছি।
কবে নিলাম পরিচালনা শুরু করলেন?
মায়িশা রহমান: গত বছরের ১৪ মার্চ। সেদিন বাবার সঙ্গেই নিলাম ডাকের আসনে বসেছিলাম।
তার মানে বাবা-মেয়ে পাশাপাশি বসে নিলাম পরিচালনা করেছেন?
মায়িশা রহমান: হ্যাঁ।
আপনার পরিবার কবে থেকে চায়ের সঙ্গে যুক্ত?
মায়িশা রহমান: আমার দাদা প্রয়াত মোখলেসুর রহমান ১৯৫৬ সালে শ্রীমঙ্গলে নন্দরানী চা-বাগানে ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। বাবা আহমেদুর রহমান ১৯৮১ সালে শিক্ষানবিশ টি টেস্টার হিসেবে চট্টগ্রামে প্রডিউস ব্রোকারস লিমিটেডে কাজ শুরু করেন।
আপনি তো ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন।
মায়িশা রহমান: হ্যাঁ। পড়াশোনা শেষ করে প্রডিউস ব্রোকারস লিমিটেডে শিক্ষানবিশ হিসেবে যোগদান করি। এখন অবশ্য চা ব্যবস্থাপনা নিয়ে ডিপ্লোমা করছি।
চায়ের সঙ্গে থাকেন। দিনে কত কাপ চা পান করেন?
মায়িশা রহমান: সাত-আট কাপ। ধোঁয়া ওঠা গরম চা-ই আমার পছন্দ।
নারীরা কেন চা খাতের বিভিন্ন পেশায় যুক্ত হন না?
মায়িশা রহমান: আমি মনে করি, আমাদের দেশের মেয়েদের চা-শিল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেই। এমনকি চা উৎপাদন থেকে বাজারজাত করার সম্পূর্ণ প্রক্রিয়া তাঁরা জানেন না। তাই হয়তো নিজেকে এ পেশায় যুক্ত করতে চান না। আমি আশা করব, ভবিষ্যতে মেয়েরা এই শিল্পে নিজেকে যুক্ত করতে আগ্রহী হবেন।