প্রথম আলো কর্মীরাই পরিবেশন করলেন একের পর এক জনপ্রিয় গান। প্রথম আলো কার্যালয়, কারওয়ানবাজার, ঢাকা। ১৫ এপ্রিল
প্রথম আলো কর্মীরাই পরিবেশন করলেন একের পর এক জনপ্রিয় গান। প্রথম আলো কার্যালয়, কারওয়ানবাজার, ঢাকা। ১৫ এপ্রিল

গানে-সাজে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদ্‌যাপন

কাগজ দিয়ে নানা নকশায় সাজানো কক্ষ। রঙিন পোশাকে কর্মীদের শুভেচ্ছা বিনিময়। কর্মীরাই পরিবেশন করলেন একের পর এক জনপ্রিয় গান। এমন গানে–সাজে, আনন্দ আয়োজনে আজ বুধবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদ্‌যাপনে মেতেছিলেন কর্মীরা। প্রথম আলোর মানবসম্পদ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কর্মীদের পরিবারের সদস্যরাও।

গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম আলোর কর্মীরা নিজেরা বাদ্য বাজিয়ে পরিবেশন করেছেন ‘আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইল রে’, ‘বকুল ফুল বকুল ফুল’, ‘বৈশাখের বিকেল বেলায় প্রেমের একটা গান শোনাবো’, ‘গেরামের নওজোয়ান’–এর মতো জনপ্রিয় সব গান। করতালির মধ্য দিয়ে সেসব গানে সুর মিলিয়েছিলেন সবাই।

অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর সাজসজ্জার জন্য ছিল ‘সুবেশ ও সুবেশী’ পুরস্কার। সেরা সুবেশের পুরস্কার জিতে নেন প্রথম আলোর বিজ্ঞাপন ও ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা দাশ মিথুন। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় লুঙ্গি ও গামছা। আর সেরা সুবেশীর পুরস্কার জিতে নেন প্রথমা ডট কমের প্রদায়ক মেঘা খেতান। তাঁর পুরস্কার ছিল শাড়ি।

অনুষ্ঠানে বৈশাখের ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে পুরস্কার পান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, অর্থ ও হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক সাদিয়া ইসলাম, গ্রন্থাগার ও আর্কাইভের রেফারেন্স কর্মকর্তা দীনেশ চন্দ্র মাহাতো এবং সমন্বিত বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম। পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ। এই আয়োজন পরিচালনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কর্মীদের পরিবারের সদস্যরাও। ১৫ এপ্রিল

এই আয়োজনের অংশ হিসেবে বৈশাখী ফটো কনটেস্ট বা ছবি তোলার প্রতিযোগিতাও ছিল। এই প্রতিযোগিতার জন্য প্রথম আলোর কর্মীরা নিজেদের মতো করে পয়লা বৈশাখের ছবি তুলে পাঠিয়েছিলেন। বৈশাখী সাজে থাকা নিজের স্ত্রী ও সন্তানের ছবি দিয়ে এই পুরস্কার জিতে নেন প্রথম আলোর বিশাল বাংলার জ্যেষ্ঠ সহসম্পাদক মো. মাহবুব আলম। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ।

কর্মীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর সামাজিক যোগাযোগমাধ্যম বিভাগের ব্যবস্থাপক সিদ্ধার্থ দাশ ও মানবসম্পদ বিভাগের নির্বাহী মায়মুনা আক্তার চৌধুরী। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী দেশি খাবার মুড়ালি, খই, মিষ্টি, নিমকি, বাতাসা ও কদমা পরিবেশন করা হয় প্রথম আলোর কর্মীদের মধে৵।

এর আগে গতকাল মঙ্গলবার পয়লা বৈশাখে রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস্ টেবিল কোর্টসাইডে বৈশাখী উৎসবের আয়োজন করেছিল প্রথম আলো। উৎসবটি সবার জন্য উন্মুক্ত ছিল।