দেশের সর্ববৃহৎ সংবাদমাধ্যম প্রথম আলোর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল সারা দেশের কর্মীদের নিয়ে এক আনন্দ উৎসব
দেশের সর্ববৃহৎ সংবাদমাধ্যম প্রথম আলোর ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল সারা দেশের কর্মীদের নিয়ে এক আনন্দ উৎসব

প্রথম আলোর রজতজয়ন্তী

সাহস, সততা আর নিষ্ঠায় পথচলার প্রত্যয়

সিকি শতাব্দী পার করল প্রথম আলো। দেশের সর্ববৃহৎ সংবাদমাধ্যমটি এই যাত্রাপথে বাধাবিঘ্ন, চড়াই-উতরাই পেরিয়ে আসার সাফল্য উদ্‌যাপন করল ঢাকায় প্রধান কার্যালয় ও সারা দেশের কর্মীদের নিয়ে। শুভেচ্ছা জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত কিছু বিশিষ্টজনও সঙ্গী হয়েছিলেন।

ছুটির দিন আজ শুক্রবার রজতজয়ন্তীর এই আনন্দ আয়োজনে মিশেছিল প্রথম আলোকে যাঁরা শীর্ষে নিয়ে গেছেন, সেই অগণিত পাঠকের অকুণ্ঠ ভালোবাসা, আর দেশ–বিদেশের অসংখ্য শুভানুধ্যায়ীর মঙ্গল কামনা। সাহসিকতা, সত্যনিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় সুসাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে প্রথম আলো শুরু করল শতাব্দীর পথে তার ২৬তম বছরের যাত্রা।

‘যেমন কথা তেমন কাজ’—২৫ বছর ধরেই প্রথম আলো এর প্রমাণ দিয়ে আসছে। রজতজয়ন্তীর উৎসবেও সেই দৃষ্টান্তের পুনরাবৃত্তি ঘটল পূর্বঘোষিত সময় মেনে ঠিক ১০টায় অনুষ্ঠান শুরুর ভেতর দিয়ে। বিভিন্ন বিভাগের ২৫ জন কর্মীর সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায়।

এরপর নেপথ্যের পর্দায় দেখানো হয় প্রথম দিনের পত্রিকার প্রথম পাতা। স্মরণ করা হয়, যে বিশিষ্ট লেখকদের লেখায় সমৃদ্ধ হয়েছিল পত্রিকাটির পাতা। তেমন কিছু লেখার ছবিও ভেসে উঠছিল পর্দায়। কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাঁদের প্রতি।

বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

প্রথম আলো প্রকাশের কয়েক দিন পরেই পত্রিকাটি পড়ে স্বতঃপ্রণোদিত হয়ে ‘প্রথম সূর্য প্রথম আলো’ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন খ্যাতিমান কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কবিতাটি প্রকাশের জন্য পাঠিয়ে ছিলেন তিনি। এই তথ্যগুলো জানিয়ে কবিতাটি পাঠ করে রজতজয়ন্তীর বক্তব্য শুরু করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, প্রথম আলো শুধু একটি দৈনিক পত্রিকা নয়, বরং একটি স্বপ্নের নাম। গণতন্ত্র, মানবাধিকার, বাক্‌স্বাধীনতা, সম–অধিকারের মতো মহান মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। সেই চেতনা নিয়েই সাংবাদিকতা করছে প্রথম আলো। অনেক অন্ধকারে আলো ফেলেছে। তৈরি করেছে এগিয়ে চলার পথ। এই পথপরিক্রমায় যাঁদের হারিয়েছে—ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলোর পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান, রোকিয়া আফজাল রহমানসহ প্রয়াত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি তাঁদের স্মরণ করেন।

আমাদের ওপরে অনেক নির্যাতন এসেছে, মামলা হয়েছে। কিন্তু আমরা সৎ থেকেছি, সত্যকে অবলম্বন করেছি। এই সততাই আমাদের শক্তি।
মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো

প্রথম আলো তার যাত্রাপথে প্রতিবছরই নিজেদের কর্মপরিকল্পনা ও জাতীয় জীবনের পরিপ্রেক্ষিতকে সমন্বয় করে বিশেষ বিশেষ প্রতিপাদ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্যে কর্মপ্রয়াস চালিয়েছে। এগুলো স্লোগান হিসেবেও অনেক জনপ্রিয় হয়েছে। বহু মানুষের ব্যক্তিজীবন ও সামষ্টিক কর্মোদ্যোগে অনুপ্রেরণার অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে। ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো’, ‘বদলে যাও বদলে দাও’, ‘পথ হারাবে না বাংলাদেশ’—প্রথম আলোর এমন স্লোগান মানুষের মুখে মুখে ফেরে। পর্দায় কয়েক ঝলকে তুলে ধরা হয় বিগত দিনের সেই স্লোগানগুলোও। এরপর এল রজতজয়ন্তীর বছরের প্রত্যয়জাগানো প্রতিপাদ্য ‘হারবে না বাংলাদেশ’।

এরপর প্রথম আলোর মূল্যবোধ, ব্রত ও রূপকল্প তুলে ধরেন গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক স্বনন শাহরিয়ার।

এবার মঞ্চে আসেন বৈজ্ঞানিক গবেষণা, শিল্প-বাণিজ্য, ক্রীড়া ও সংগীত ক্ষেত্রের চার বিশিষ্ট অতিথি। প্রথম আলো সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন। ম্যাগসাইসাই পুরস্কারজয়ী আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরী বললেন, বহুদিন থেকে প্রথম আলো তাঁর সকালবেলার নিয়মিত সঙ্গী। দেশ সম্পর্কে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু শিখেছেন পত্রিকাটি পড়ে। তিনি নতুন প্রজন্মের মেধাবীদের ভাবনা ও উদ্ভাবনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে ছাপানোর পরামর্শ দেন।

শুভেচ্ছা স্মারক হাতে অনুষ্ঠানে আসা চার অতিথি বাঁ থেকে অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর, ম্যাগসাইসাই পুরস্কারজয়ী আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরি, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, শিল্পী রাহুল আনন্দ

অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, অপ্রিয় সত্য কথা বলার সাহস রয়েছে প্রথম আলোর। কারও কথা শুনে তারা কোনো কিছু লেখে না। অনুসন্ধান করে সত্যটি যাচাই করে প্রকাশ করে। এ জন্যই পত্রিকাটি মানুষের আস্থা ও সম্মানের জায়গায় এসেছে। সারা দেশে অনেক উদ্যোক্তা নিভৃতে কাজ করে যাচ্ছেন। তাঁদের উদ্যোগগুলো তুলে ধরার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গান শুনতে গিয়েছিলেন ঢাকার এক শিল্পীর বাড়িতে। নিজের বাড়িটিকে ‘ভাঙা বাড়ি’ বলেন সেই শিল্পী, জলের গানের রাহুল আনন্দ। প্রথম আলোর রজতজয়ন্তীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি বললেন, তাঁর বাবা ছিলেন প্রথম আলোর নিয়মিত পাঠক। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়েন। সেই থেকে পত্রিকাটির সঙ্গে পরিচয়। তিনি ভক্ত ছিলেন খেলার পাতার, উৎপল শুভ্রর লেখার। তবে সরাসরি দেখা হয়নি কখনো। তাঁর কথা শেষ না হতেই সঞ্চালকের আহ্বানে মঞ্চে আসেন উৎপল শুভ্র। ছবি তোলা হয় দুজনের। রাহুল তাঁর কথা শেষ করেন দুই লাইন গেয়ে, ‘যেখানে অন্ধকার ঘুটঘুটে কালো/ দিনের প্রথম সূর্য ওঠে, ফেলে সেখানে প্রথম আলো’।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রথম আলোর ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তাঁদের প্রায়ই কথাবার্তা হয়। তবে খেলাধুলার বাইরেও তাঁরা খোঁজখবর নেন। আর নারীদের প্রতি তাঁরা খুব বিনয়ী থাকেন, এটা তাঁর কাছে অনেক ভালো লেগেছে।

সম্পাদক মতিউর রহমান তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সাভার প্রতিনিধি শামসুজ্জামান তাঁকে গ্রেপ্তার করে কারাবন্দী রাখার দিনগুলোর বর্ণনা দিয়ে বলেন, প্রথম আলো নিজের পরিবারের মতো তাঁর পাশে ছিল। সাহস জুগিয়েছে।

অনুষ্ঠান মঞ্চে ওঠেন তিন প্রতিবেদক বাঁ থেকে শামসুজ্জামান, রোজিনা ইসলাম ও মোশাররফ শাহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ তাঁর ওপর নির্যাতনের ঘটনা এবং প্রথম আলো যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেই অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারাবাস ও নিবর্তনের শিকার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরী বললেন, বহুদিন থেকে প্রথম আলো তাঁর সকালবেলার নিয়মিত সঙ্গী। দেশ সম্পর্কে অনেক কিছু জেনেছেন, অনেক কিছু শিখেছেন পত্রিকাটি পড়ে।

এই পর্যায়ে প্রথম আলোকে রজতজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, মানবসভ্যতার একটি বড় অর্জন হলো মুক্তচিন্তার অধিকার প্রতিষ্ঠা। মুক্তচিন্তা থেকে আসে মুক্ত প্রকাশের বিষয়টি। গণমাধ্যমেই এই মুক্তচিন্তার প্রকাশ ঘটে। বাংলাদেশ মুক্তচিন্তা, শিক্ষা, অর্থনীতি, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলো সমাজে প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাচ্ছে। প্রথম আলোও এই কাজে সহযোগীর ভূমিকা রাখছে। তাই এ কথা বলা যায়, প্রথম আলোর অগ্রযাত্রার সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রাও জড়িত। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। প্রথম আলোর সাংবাদিকদের ভালোবাসা, নিষ্ঠা, সততা ও গর্বের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম

এরপর প্রথম আলোর বিদেশ প্রতিনিধিরা আসেন মঞ্চে। শুভেচ্ছা জানান সাংবাদিক কামাল আহমেদ, দিল্লির সৌম্য বন্দ্যোপাধ্যায়, কলকাতার অমর সাহা, উত্তর-পূর্ব ভারতের শুভজিৎ বাগচী ও মুম্বাইয়ের দেবারতি ভট্টাচার্য।

তাঁদের পরে মঞ্চে আসেন প্রথম আলোর এক অনুরাগী পাঠক। জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। তিনি রজতজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি খেলছি কি খেলছি না, সেটা বড় কথা নয়; আপনারা সবাই জাতীয় দলের সঙ্গে থাকবেন।’ তিনি নিজের জন্য দোয়া চান। সম্পাদক মতিউর রহমান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই পর্যায়ে হয় এক ব্যতিক্রমী আয়োজন, গানের প্রতিযোগিতা। রজতজয়ন্তীর এই আয়োজনে দর্শক–শ্রোতা আর মঞ্চের পরিবেশনায় সবাই ছিলেন প্রথম আলোর বিভিন্ন বিভাগের কর্মী। অনুষ্ঠান বিভাগের প্রধান কবির বকুলের পরিচালনায় এই পর্বে প্রতিযোগিতার পরে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ সম্মেলক গানের সঙ্গে নৃত্যও পরিবেশন করলেন নারী কর্মীরা।

সেরা কর্মীর পুরস্কার হাতে পুরস্কৃতরা

বিভিন্ন বিভাগের কর্মীদের কাজের মূল্যায়ন করে সেরা কর্মী ও রজতজয়ন্তী উপলক্ষে সেরা ভাবনা, কুইজ প্রতিযোগিতার পুরস্কারজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয় নাচ-গানের পরে।

ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘মহাকালের তুলনায় ২৫ বছর তেমন কিছুই নয়, কিন্তু ব্যক্তিবিশেষের নিরিখে ২৫ বছর একটা জীবনের সমান। এই সময়টা ধরে প্রথম আলোকে সুন্দর করে গড়ে তোলার পাশাপাশি একই সঙ্গে আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলতে ভূমিকা রেখেছি, আমাদের নিজেদের জীবনকেও সুন্দর করে তুলেছি। প্রথম আলোর এই ভূমিকা ভবিষ্যতেও থাকবে। মানুষের বিজয়ের পথে ভূমিকা রাখবে।’

আনন্দ আয়োজনের আনুষ্ঠানিক সমাপনী ঘটে সম্পাদক মতিউর রহমানের কথামালায়। তিনি প্রথম আলোর সর্বস্তরের কর্মী, পাঠক, শুভানুধ্যায়ী সবাইকে রজতজয়ন্তীর শুভেচ্ছা জানান। বলেন, ‘এই সাফল্য অর্জনের ক্ষেত্রে পত্রিকার রিপোর্টার থেকে শুরু করে প্রচার, বিজ্ঞাপন, হিসাব, প্রশাসন, গ্রাফিক, প্রেসের কর্মী—যাঁরা নেপথ্যে থাকেন, সেসব হকার—কারও ভূমিকাই গৌণ নয়। প্রথম আলো মাত্র ১০৯ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে আজ ৯৮৭ জন কর্মীর এক বিশাল প্রতিষ্ঠান। ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইন, ডিজিটাল বিজনেস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, চরকির মতো অনেক প্রতিষ্ঠান নিয়ে সব ক্ষেত্রেই আমরা সফল হয়েছি।’

অনুষ্ঠানে আগত প্রথম আলোর বিভিন্ন পর্যায়ের কর্মীরা

প্রথম আলো সম্পাদক বলেন, ‘এই সাফল্যের পেছনে আছে আমাদের সততা ও নিষ্ঠা। আমাদের ওপরে অনেক নির্যাতন এসেছে, মামলা হয়েছে। কিন্তু আমরা সৎ থেকেছি, সত্যকে অবলম্বন করেছি। এই সততাই আমাদের শক্তি। এখন একটি কঠিন সময় চলছে। বৈশ্বিক মহামারি, যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, দেশে নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।’ এই সংকটকাল অতিক্রম করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করার কথা বললেন তিনি। কর্মীরাও তাঁর প্রেরণামূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সম্পাদকের প্রতি সংহতি প্রকাশ করেন করতালি ও হর্ষধ্বনিতে।