
অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ট্রাস্টির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (ডিলিটেড) এ আদেশ দেন।
সাবেক দুই ট্রাস্টি হলেন, এম এ কাশেম ও রেহানা রহমান। তাদের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য পৃথক দুটি আবেদন আজ আদালতের কার্যতালিকায় ১ ও ২ নম্বর ক্রমিকে ছিল। এর আগে ওই দুজনসহ সাবেক চার ট্রাস্টির জামিন প্রশ্নে রুল শুনানির জন্য পৃথক চারটি আবেদন ১ সেপ্টেম্বর হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। অপর দুজন ট্রাস্টি হলেন মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ। সেদিন তাঁদের আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে দ্বৈত বেঞ্চ আবেদন চারটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি সপ্তাহে ওই বেঞ্চে দুজনের আবেদন দুটি উপস্থাপন করা হয়।
আদালতে সাবেক দুই ট্রাস্টির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক ট্রাস্টিদের আগাম জামিন আবেদন শুনানিতে রাষ্ট্রপক্ষে থাকা একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বর্তমানে বেঞ্চের একজন বিচারপতি। যে কারণে দুজনের জামিন আবেদন কার্যতালিকা থেকে মুছে দিতে আরজি জানানো হয়। হাইকোর্ট আবেদন দুটি মুছে দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। হাইকোর্টের অন্য বেঞ্চে এখন রুল শুনানির জন্য আবেদনগুলো উপস্থাপন করা হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করে দুদক। এই মামলায় তৎকালীন চার ট্রাস্টি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে ২২ মে হাইকোর্ট তাঁদের পুলিশে সোপর্দ করেন। এর পর থেকে তাঁরা কারাগারে আছেন।