প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন

মজুরি বৃদ্ধি পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহ্দী আমিন

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, পোশাকশ্রমিকদের বেতন সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২৩ সালে। তিন বছরের মধ্যে তাঁদের ন্যূনতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি পোশাকশ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাস পাবেন। ফলে মূল বেতনের বাইরে তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে মোট আয় আরও বাড়বে।

আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তাঁদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাঁদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়; নৈতিক ও সমন্বিত দায়িত্বও।

এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

মাহ্দী আমিন বলেন, নতুন মজুরিকাঠামো অনুযায়ী, গ্রেড-১–এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। গ্রেড-২–এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগে তা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ। গ্রেড-৩–এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে তা ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন গ্রেড-৪–এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। আগে তা ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

মাহ্দী আমিন বলেন, তাঁরা বিশ্বাস করেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।

মাহ্দী আমিন লিখেছেন, তাঁরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চান, যেখানে শ্রমিকেরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন। উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন। এই খাতে বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।

মাহ্দী আমিন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই তাঁদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা ও শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরিকাঠামোর জন্য মজুরি বোর্ড, শ্রমিক ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান মাহ্দী আমিন। তিনি বলেন, শ্রমিক-মালিকদের প্রতি আহ্বান, যাঁরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখেন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা যেন অব্যাহত রাখা হয়। সবাই যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই পোশাকশিল্পকে আরও এগিয়ে নেবে বলে উল্লেখ করেন মাহ্দী আমিন।