ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, তিনজনকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আজ বুধবার রাতে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ক্যাম্পাসে ডাস ক্যাফেটেরিয়ার সামনে পর পর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে টিএসসিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় ছোটাছুটি। পরে ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা করে।

ককটেল বিস্ফোরণের সময় টিএসসির পাশে হাকিম চত্বরে ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। ঘটনার পর তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সন্দেহভাজনদের আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করেছেন।

ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে তিনজন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা, ১৫ নভেম্বর

এ ব্যাপারে জানতে চাইলে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে সহকারী প্রক্টরদের পাঠিয়েছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বিশদ বলতে পারব।