
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন। পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতা–কর্মীদের দাবি, শাকিলের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই–ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কাজ তাঁর মাধ্যমেই পরিচালিত হয়। তিনি ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করেননি বলে দাবি করেন তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ‘এক ছাত্রকে প্রক্টর অফিসে ধরে নিয়ে আসা হয়েছিল। পরে আমরা দেখার চেষ্টা করলাম সে কে। খোঁজ নিয়ে জানতে পারলাম, সে দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি জানার পর আমরা মনে করেছি তার নিরাপত্তা বিধান করা দরকার। এ জন্য আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’