নোয়াখালীর সেনবাগে ২০১৮ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা এবং গত ৩ আগস্ট বিএনপির এক কর্মীর দোকানে হামলার ও ভাঙচুরের অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোরশেদ আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫৭ জনকে। গত সোমবার সেনবাগ থানায় এসব মামলা করা হয়।
মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি শওকত হোসেন, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু নাছের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুনের নাম রয়েছে।
সেনবাগ থানা-সূত্রে জানা গেছে, তিনটি মামলার মধ্যে একটি করা হয়েছে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে। বিএনপির কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. ইলিয়াছ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম, তাঁর ছেলে সাইফুল ইসলামসহ ৩০ জনের নামোল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
২০১৮ সালের ২৩ জানুয়ারি উপজেলার নবীপুর ইউনিয়নের শ্রীপদ্দি গ্রামের বিএনপির কর্মী মিজানুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা হয়। মামলায় মোরশেদ আলমসহ ৩৪ জনের নামোল্লেখ করে আরও ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উপজেলার ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপির কর্মী ইউছুফ আলীর দোকানে গত ৩ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ৩৮ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৬৫ জনকে।
মামলার বিষয়টি সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।