
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১২ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
গত ২ জুলাই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়।
বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাইজ ইবনে আনোয়ারসহ বাকি ১৯ জনকে পলাতক দেখানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তাঁদের মধ্যে মো. মাসুদ (৩৪) ও জাহাঙ্গীর আলম (৩৬) নামের দুজনের জবানবন্দিতে প্রশ্নপত্র ফাঁসে ডিজিএম তাইজ ইবনে আনোয়ারের নাম আসে। মাসুদ সে সময় তাইজ ইবনে আনোয়ারের গাড়িচালক ছিলেন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমটি অপারেটর জাহাঙ্গীর আলম আগে তাঁর গাড়ি চালাতেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক মেজর তাইজ ইবনে আনোয়ার। তিনি প্রেষণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিজিএমের (নিরাপত্তা) দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, তাইজ ইবনে আনোয়ার নিয়োগ পরীক্ষার একটি প্রশ্নপত্রের খসড়ার ছবি প্রিন্ট করে আসামি মাসুদ ও জাহাঙ্গীর আলমের কাছে পাঠান। পরে তা আসামি জাহাঙ্গীর আলম, হারুন অর রশীদ, এনামুল, মাহফুজুল আলম ও আওলাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
গত বছরের ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে বিমান কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত ঘোষণা করে।
এ ঘটনার পর মেজর তাইজ ইবনে আনোয়ারকে মূল বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গত ৫ জুলাই রাতে টেলিফোনে তাইজ ইবনে আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অভিযোগপত্রে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, মাসুদ, তাইজ ইবনে আনোয়ারসহ অভিযোগপত্রভুক্ত আসামিরা সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করেন। এর মাধ্যমে বিমানে নিয়োগপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে আসছিলেন।