কুশপুত্তলিকা হাতে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের সদস্যরা। আজ রাজু ভাস্কর্যের সামনে
কুশপুত্তলিকা হাতে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠনের সদস্যরা। আজ রাজু ভাস্কর্যের সামনে

অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন

সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার শাস্তি দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ওপর পুলিশি হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের একটি সংগঠন। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে এই উপদেষ্টার পদত্যাগ ও হামলায় জড়িত পুলিশদের শাস্তি দাবি করেন তাঁরা।

কর্মসূচিতে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মেটাচ্ছে, এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কোনো পদক্ষেপ না নিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’

তাসনিম বিন মাহফুজ আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। কিছুদিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। এসবের কোনো বিচার হচ্ছে না। তিনি প্রশ্ন করেন, পুলিশকে এই অনুমতি কে দিয়েছে? পুলিশের এ রকম ফ্যাসিবাদী আচরণ বন্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। যে উপদেষ্টা তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না, তাঁর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম তানিম বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি, পুলিশ ছাত্রদের হল থেকে পিটিয়ে বের করে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে ছাত্রদের ওপর পুলিশ আবার হামলা করেছে। আমরা পুলিশি বাহিনীর হামলার মদদদাতা হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখছি।’