‘টিকিট যার ভ্রমণ তার’ বাস্তবায়িত হলে অনিয়মের অভিযোগ বন্ধ হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন
ফাইল ছবি

টিকিট যার ভ্রমণ তার—এটি বাস্তবায়ন করা গেলে রেলে অনিয়মের অভিযোগ বন্ধ হয়ে যাবে বলে মনে করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, লোকবল কমের কারণে এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। টিকিটে যাঁর নাম, তিনি ছাড়া কেউ ভ্রমণ করতে পারবেন না। এটি বাস্তবায়ন করতে পারলে রেলের টিকিটের এই যে অব্যবস্থাপনা ও কালোবাজারির অভিযোগ—এসব বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন আঙ্গিকে সাজানো মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলের শৃঙ্খলা আনতে দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছি। ছাদে লোক যাতে না ওঠে। সম্প্রতি বিচার বিভাগ থেকে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে। এটি ছাদে লোক ওঠা বন্ধে সহযোগিতা করবে। এই রেলে মানুষ চড়া ভুলে গিয়েছিল। যেকোনো উন্নত দেশে দেখবেন, রেলব্যবস্থা অনেক উন্নত। একমাত্র বাংলাদেশে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর রেলব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল।

যেখানে তিন হাজার কিলোমিটার রেলপথ ছিল, সেখান থেকে আড়াই হাজার কিলোমিটারে নেমেছিল। রেলের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ২০১১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা রেল মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়ে রেলের নতুন যাত্রা শুরু হয়েছে।’

অনুষ্ঠানে মিলনায়তনের উদ্বোধন ঘোষণা করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এম আমীর উল ইসলাম ও ইউসুফ হোসেন হুমায়ুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্পাদক আবদুন নূর।