পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিটি পর্যায়ে নিপীড়নের শিকার: আসাদুজ্জামান নূর

সংখ্যালঘুদের জীবন ও জীবিকা নিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনী এবং মতবিনিময় সভায় অতিথিরা
ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিটি পর্যায়ে নিপীড়নের শিকার বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আজ শুক্রবার বিকেলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা বহুবার উদ্যোগ গ্রহণ করেছে। এরপরও পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিটি পর্যায়ে নিপীড়নের শিকার হয়ে আসছে। তিনি আরও বলেন, ‘লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে শিক্ষা ও সংস্কৃতিকে আমাদের এক সুতায় গাঁথতে হবে।’ এ সময় সংখ্যালঘু জনগোষ্ঠীকে তাদের সংগ্রামের জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান তিনি।

সংখ্যালঘুদের জীবন ও জীবিকা নিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনী এবং মতবিনিময় সভার আয়োজন হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় খ্রিষ্টান এইড, নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন, ব্লাস্ট এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজন করে।

আলোচনাটি ছিল আন্তর্জাতিক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষকাল উদ্‌যাপনের বিষয়ে। মতবিনিময় সভায় দলিত, চা জনগোষ্ঠী, হিজড়া, প্রতিবন্ধী এবং সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জীবিকায় বৈষম্যের শিকার হওয়া ৯০টি স্থিরচিত্র নিয়ে ‘মর্যাদাপূর্ণ জীবিকার লড়াই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ ছাড়া একটি নাটক পরিবেশনার মাধ্যমে সমাজে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিপীড়নের চিত্র তুলে ধরা হয়।

নাটকটি দেখে হিজড়া জনগোষ্ঠীর একজন প্রতিনিধি তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘নাটকটি দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছি। আমাদের জীবনকালটা ঠিক এমনই ছিল। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় আজ আমরা নিজেদের উন্নয়নে কাজ করতে পারছি। কিন্তু আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই। আমরা পিছিয়ে রাখা জনগোষ্ঠীর পর্যায়ে রয়েছি।’

মাহালি জনগোষ্ঠীর একজন প্রতিনিধি বলেন, ‘বাঁশ নিয়েই আমাদের জীবন নির্বাহ হয়। কিন্তু শিল্পায়নের এই যুগে প্লাস্টিক পণ্যের জনপ্রিয়তার কারণে বাঁশের তৈরি পণ্য তেমন বিক্রি হচ্ছে না। তাই এ ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন।’

মতবিনিময় সভায় বলা হয়, সরকারিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জাতীয় পরিচয় প্রদানের মাধ্যমে কিছু কিছু জায়গায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে সত্যিকার অর্থে অগ্রগতির পথ এখনো অনেক বাকি।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, অপরাজিতার প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, সুইস ইন্টার কো–অপারেশন হেলভেতাস, কুইন সাউথ টেক্সটাইল মিলের কোম্পানি সেক্রেটারি মাসুম রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সিটি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব সেলস আহম্মেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।