আরও ১১ থানা–উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন

সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ১১টি থানা–উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানিয়েছে তারা।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেছেন। সর্বশেষ ঘোষিত এসব কমিটির মধ্যে ১০টি কমিটি ঢাকার বাইরের আর একটি ঢাকার।

নতুন কমিটিগুলোর মধ্যে ৪ ডিসেম্বর পিরোজপুর জেলার সদর থানায় ১০১ সদস্যের, ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১৯৮ সদস্যের, ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ১৭৬ সদস্যের, বাগেরহাটের ফকিরহাট থানায় ৯৩ সদস্যের, টাঙ্গাইলের ভূঞাপুর থানায় ৫৩ সদস্যের, নেত্রকোনা সদর উপজেলায় ৫৩ সদস্যের, ঢাকার গুলশান থানায় ১১২ সদস্যের, কুমিল্লার মুরাদনগর থানায় ৬১ সদস্যের, কুষ্টিয়া সদর থানায় ২০২ সদস্যের, খুলনা সদর থানায় ১৭০ সদস্যের ও বগুড়ার সারিয়াকান্দি থানায় ৯০ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয় ।

গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ৪৪টি থানা ও উপজেলায় তারা প্রতিনিধি কমিটি করেছে। এর মধ্যে ঢাকায় ১৯টি থানা পর্যায়ে, বাকি ২৫টি থানা–উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা।

এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম। আজ সোমবার সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।

জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ঢাকার বাইরে সাংগঠনিক কাঠামো বিস্তার করছে। এখন পর্যন্ত দেশের ১৬টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে তারা।