দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে নির্বাচনী অপরাধে ২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচনী অপরাধে’ এই প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্ট রুলসহ হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। ফলে তাঁর প্রার্থিতা বহাল ও নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ইসি আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আশফাকুর রহমান। হাবিবুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মোহাম্মদ সাঈদ আহমেদ এবং আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া।
ইসি সূত্র জানায়, হাবিবুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কমিশনে অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে বলা হয়, হাবিবুর গত ৩০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি দেন। হাবিবুর ইসি সচিবালয়ে সশরীর উপস্থিত হয়ে ১ জানুয়ারি কমিশনের কাছে অভিযোগ বিষয়ে ব্যাখ্যা দেন। রিটার্নিং কর্মকর্তার অভিযোগ খতিয়ে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা বলা হয়।
এর ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের ২ জানুয়ারি ইসির সিদ্ধান্তে বলা হয়, হাবিবুরের নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থিতা বাতিল করা হলো। এই সিদ্ধান্ত ৩ জানুয়ারি হাইকোর্ট স্থগিত করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ইসির করা আবেদনে ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত।
হাবিবুর রহমানের পক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইসির করা আবেদনের শুনানিতে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের আদেশ বহাল রইল। হাবিবুর রহমানের প্রার্থিতা বহাল রইল ও তাঁর নির্বাচনে অংশগ্রহণে বাধা রইল না।’