টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে আজ মন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আজম খান
টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে আজ মন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আজম খান

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান, প্রতিমন্ত্রী মীর হেলাল আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার রুলস অব বিজনেস অনুযায়ী এই দপ্তর পুনর্বণ্টন করেছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

বিএনপি সরকার গঠন করার পর এত দিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকেই নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আহমেদ আযম খান। এ ছাড়া ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এখন তাঁদের জায়গায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।