রোহিঙ্গাদের নিরাপদ স্থানে যাওয়ার আগ্রহ কম

ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে বাড়িঘর ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় নাজিরার টেক বাসিন্দারা। নাজিরার টেক, কক্সবাজার
ছবি: জুয়েল শীল

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন চার প্রবীণ ব্যক্তি। তাঁদের আলাপে ঘুরেফিরে আসছিল ঘূর্ণিঝড় মোখার কথা। ঝড়ের গতিপথ কোন দিকে যাবে, কোথায় আঘাত হানবে, সমতলে থাকা মানুষের কী হবে—এসব নিয়ে কথা বলছিলেন তাঁরা।

ঘূর্ণিঝড়ে প্রস্তুতি কী জানতে চাইলে চারজনের একজন ইদ্রিস আলী বলেন, ‌‘আমাদের আবার কিসের প্রস্তুতি। আমরা আছি পাহাড়ের ওপর।

এখানে কি আর ঝড় আসবে। এখন চিন্তা হচ্ছে, নিচে যাঁরা আছেন, তাঁদের নিয়ে। পানি উঠলে এই লোকগুলো (কক্সবাজারের স্থানীয় বাসিন্দা) কই যাবে?’ রোহিঙ্গা শিবির ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে জানালে তিনি বলেন, ‘এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। নিরাপদে থাকার জন্য ও নিরাপদ স্থানে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকেরা মাইকিং করছেন। কিন্তু কে যাবে ওখানে। আমি ঘরেই থাকব।’

শিবিরের আরেকটি দোকানে আড্ডা দিচ্ছিলেন ৭৩ বছর বয়সী হাজি নূর মোহাম্মদ। তাঁর মধ্যেও ঘূর্ণিঝড় নিয়ে তেমন দুশ্চিন্তা দেখা গেল না।

শুধু এই দুজন নন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের আরও কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে ঘূর্ণিঝড় নিয়ে তাঁদের তেমন চিন্তিত মনে হলো না। গতকাল শনিবার বিকেলে শিবিরের বিভিন্ন ব্লক ঘুরে এবং বিভিন্ন বয়সী রোহিঙ্গার সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেল।

রোহিঙ্গা শিবিরের ঘরগুলো মূলত বেড়া ও টিনের তৈরি। অধিকাংশ ঘরের চাল ত্রিপলের। অনেকের ঘর জরাজীর্ণ। তবে শিবিরের কিছু এলাকায় দেখা গেছে, জরাজীর্ণ হয়ে যাওয়া ঘর সংস্কার করছেন লোকজন। তাঁরা ঘরের চাল ও বেড়া ঠিক করছিলেন। বাতাসে যাতে উড়ে যেতে না পারে, সে জন্য দড়ি দিয়ে গাছের সঙ্গে বা মাটিতে খুঁটি গেড়ে তা বেঁধে রাখছিলেন।

দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা সাড়ে আট লাখ রোহিঙ্গা ঘূর্ণিঝড় মোখার ঝুঁকিতে আছে। তীব্র বাতাস, অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় সেখানে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সংস্থাটি। আশ্রয়কেন্দ্র এলাকায় পাহাড়ধসের আশঙ্কাও করছে তারা।

ঘূর্ণিঝড়ের বিষয়ে শিবিরের লোকজনকে সচেতন করার জন্য স্বেচ্ছাসেবকেরা ব্লকে ব্লকে মাইকিং করছিলেন। ঘূর্ণিঝড়ের সময় কী করতে হবে তার উপায়ও বলে দিচ্ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাশিবিরে ঘূর্ণিঝড়ের বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। তাঁদের নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে। শিবিরে ঝড়ের পাশাপাশি এখানে ভূমিধসের ঝুঁকি রয়েছে। সে জন্য ভূমিধসপ্রবণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরে তথ্যমতে, সম্ভাব্য গতিপথ ঠিক থাকলে ঘূর্ণিঝড় মোখা আগামীকাল রোববার দুপুরের মধ্যে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ হয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে। তাতে মোখার কবলে পড়বে উখিয়া ও টেকনাফের মধ্যভাগে গড়ে তোলা আশ্রয়শিবিরগুলো। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ।

তবে এবারের ঘূর্ণিঝড় নিয়ে শিবিরে যে রকম প্রচারণা চালানো হচ্ছে, তা আগে কখনো হয়নি বলে জানায় রোহিঙ্গারা। শিবিরে দোকান রয়েছে আবদুল মাবুদের। তিনি বলেন, তাঁর ঘর ও দোকান দুটিই নড়বড়ে। ঝড় এলে কী হয় কে জানে। এখন মাইকিং করে লোকজনকে স্কুল ও মসজিদসহ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। তিনটি লাল পতাকা টানানো হয়েছে। আগে কখনো এ রকম পতাকা টানানো হয়নি। এসব দেখে কিছুটা ভয় লাগে।

গতকাল শিবিরে নিজের জরাজীর্ণ ঘর ঠিক করছিলেন মোহাম্মদ রফিক। তিনি বলেন, ঘরের চালের অবস্থা ভালো না। যদি ঠিক করা না হয় তাহলে সমস্যা হবে। এ জন্য নিজে কোনো রকম কাজ করছেন, যাতে অন্তত বাতাসে উড়ে না যায়, কিন্তু জোরে বাতাস এলে কী হবে তা বলতে পারছেন না।

পুরুষদের মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে ভয় কম থাকলেও দুশ্চিন্তায় আছেন নারীরা। তাঁদের একজন ছেনোয়ারা বেগম। তিনি বলেন, আপাতত নিজের ঘরে থাকার চেষ্টা করবেন। কিন্তু পরিস্থিতি বেশি খারাপ হলে তখন আশ্রয়কেন্দ্রে চলে যাবেন। আগেও অনেকবার ঝড়ের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তেমন কিছু হয়নি।

খালেদা আক্তার ও খুরশিদা বেগম নামের দুই নারী বলেন, ঝড়ে ঘরের কী হয় তা নিয়ে খুব চিন্তায় আছেন। বেড়া ও ত্রিপলের ঘর এক দমকায় উড়ে যেতে বেশিক্ষণ লাগবে না।

রোহিঙ্গা শিবিরের একটি স্কুল কাম আশ্রয়কেন্দ্রের নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা হাসিনা বেগম গতকাল বিকেলে বলেন, এখন কেউ হয়তো আসছে না। কিন্তু জোরে বাতাস শুরু হলে জীবন বাঁচাতে ঠিকই লোকজন চলে আসবে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প তত্ত্বাবধায়ক শাহেদ ইকবাল প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় তাঁদের প্রস্তুতি রয়েছে। আশ্র্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। শুকনা খাবারের মজুত আছে। চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে জন্য চিকিৎসক দলও রাখা হয়েছে। আর যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছে, তাদের সরিয়ে আনা হবে। এ জন্য প্রচারণা চালানো হচ্ছে।