টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনারের

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ শুক্রবার প্রণয় ভার্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রণয় ভার্মার সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেছেন প্রণয় ভার্মা। এই মন্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের অংশীদারত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

সমাধিসৌধ কমপ্লেক্সে অবস্থিত জাদুঘরও পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলছে। তাঁর গৌরবময় পরম্পরা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি আলোর দিশা।