ইউএস-বাংলা এয়ারলাইনস
ইউএস-বাংলা এয়ারলাইনস

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের

জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে চায় তারা। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া এক চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ এই প্রস্তাব জানিয়েছে।

চিঠিতে ইউএস–বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্প ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, তার জন্য হজ ফ্লাইটের সব শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক তারা।

এ বিষয়ে ইউএস–বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের জিএম মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রা খরচ কমলেই মূলত হজযাত্রার অন্যান্য খরচও কমে আসে। তাই হজযাত্রার খরচ কমিয়ে হাজিদের স্বস্তি দিতেই তাদের এই প্রস্তাব। ইউএস–বাংলা এই সেবাকে ব্যবসা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেখছে।

জানতে চাইলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘আমরা সব সময়ই হজের বিমানভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইনস ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে, সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।’

উল্লেখ্য, সর্বশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জনপ্রতি বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইনস হজ মৌসুমে প্রতিবছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।