
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরের ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের নিচে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ কর্মকর্তা নোবেল চাকমা আরও বলেন, বাসে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হনননি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।