দুঃসহ স্মৃতি

ঝড়ের কথা শুনলেই ‘ডর’ লাগে শাহিদার

ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেতে বাড়িঘর ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় শাহিদা (বাঁয়ে) ও তাঁর পরিবার। গতকাল কক্সবাজারের নাজিরারটেকে
জুয়েল শীল

ঘূর্ণিঝড় শুনলেই দুঃসহ স্মৃতি তাড়া করে শাহিদা বেগমকে। সমুদ্রপারের এই নারীর ঝড়ের ভয়াবহতা ভালোই জানা আছে। ’৯১–এর ঘূর্ণিঝড়ে হারিয়েছেন ২০ স্বজনকে। তাঁদের মধ্যে ছিলেন মা-বাবা ও ভাই-বোন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শাহিদা সেই শোক ভুলতে পারেননি ৩২ বছরেও।

শাহিদা বলেন, ‘ঝড়র হতা হুনিলেই ডর লাগে। কী উত্তন কী ওই যায়, কঅন ন যায়।’ (ঝড়ের কথা শুনলেই ভয় লাগে। কখন কী হয়ে যায়, বলা যায় না।)

এখন আবার পুরোনো আতঙ্ক শাহিদার মনে। উপকূলে আঘাত হানতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের ব্যাপকতা জানা হয়ে গেছে তাঁর। তাই প্রাণ বাঁচাতে এক দিন আগেই ছুটে যাচ্ছিলেন আশ্রয়কেন্দ্রে। নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে গতকাল শনিবার অপেক্ষা করছিলেন পাড়ার মুখে সড়কের পাশে।

পরিবার নিয়ে শাহিদা এখন থাকেন কক্সবাজার পৌরসভার নাজিরারটেকের মুশতাকপাড়ায়। পৌরসভার এ পাড়ার অবস্থান সমুদ্রের একেবারে কোলঘেঁষে। রাস্তা থেকেই শোনা যাচ্ছিল সমুদ্রের গর্জন।

গতকাল দুপুরে পাড়ার মুখে ছিল মানুষের জটলা। কারও হাতে ব্যাগ। কারও কোলে শিশুসন্তান। কারও কারও হাতে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের থলে। তাঁদের মধ্যে বিষণ্ন মনে এক পাশে বসে ছিলেন বছর পঞ্চাশের শাহিদা বেগমও। সামনে লাল স্যুটকেস, পাশে টিফিন ক্যারিয়ার। সঙ্গে প্রতিবেশীরা।

’৯১-এর ঘূর্ণিঝড়ের সময় শাহিদা বেগমের বয়স ছিল ১৮। পরিবারের সঙ্গে ছিলেন গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে। ওই সময় পরিবারের কেউ ঘূর্ণিঝড়কে পাত্তা দেননি। তাই যাননি নিরাপদ আশ্রয়কেন্দ্রে। ঘরেই ছিলেন সবাই। কিন্তু এর জন্য এত বড় মাশুল দিতে হবে, তা জানা ছিল না তাঁদের।

এখন নতুন ঝড়ের আভাসে চিন্তার ভাঁজ শাহিদার কপালে। তাই আগের মতো অবহেলা করতে চান না। প্রথম আলোকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যা বলেন, তার অর্থ এ রকম, বড় এক ঝড়ে এক রাতেই সবাইকে হারিয়েছেন। কারও লাশ পেয়েছেন, কারও পাননি। সে দিনের কথা মনে পড়লে কী যে কষ্ট হয়, তা বর্ণনা করা যাবে না।

শাহিদা জানান, ’৯১-এর ২৯ এপ্রিলও এ রকম দিনভর গুমোট ছিল পরিস্থিতি। সন্ধ্যার পর ঝড়বৃষ্টি শুরু। রাত বাড়ার সঙ্গে তুমুল বাতাস আর জলোচ্ছ্বাস। কে কোন দিকে ভেসে গিয়েছিল, তার কোনো হদিস ছিল না। একটি গাছ ধরে কীভাবে যে বেঁচে গিয়েছিলেন, তা এখনো মনে করতে পারেন না শাহিদা। ঘূর্ণিঝড় শেষে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। চট্টগ্রামে এক আত্মীয়র বাসায় উঠেছিলেন। ওখানে থাকার সময় বিয়ে হয়। পরে কক্সবাজারে চলে আসেন। এখন স্বামী ও চার ছেলে নিয়ে তাঁর পরিবার।

যাওয়ার কোনো জায়গা নেই, তাই বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন শাহিদা। কথায় কথায় সেটাই বললেন। ঘরে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। ফিরে এসে তা পাবেন কি না, তার নিশ্চয়তা নেই। কিন্তু আগে প্রাণ বাঁচাতে হবে। আগের সে অবহেলা, এখন আর করা যাবে না। তাই মন না চাইলেও যেতে হচ্ছে আশ্রয়কেন্দ্রে।

শাহিদার একই পাড়ার বাসিন্দা আরেক নারী জোহরা খাতুন। ’৯১-এ বয়স ছিল মাত্র ১০ বছর। থাকতেন কক্সবাজারের কুতুবদিয়ার খুদিয়ারটেক এলাকায়। ওই দুর্যোগে প্রাণে বেঁচে যান জোহরা। কিন্তু মা-বাবা, ভাই-বোনকে হারান তিনিও। সম্ভাব্য বিপদ এড়াতে এবার স্বামী-সন্তান নিয়ে আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। পরিবারের সদস্য আর মূল্যবান ও জরুরি জিনিসপত্র নিয়ে কক্সবাজার সদরের কোনো একটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেবেন।

জোহরার সঙ্গে কথা হলো গতকাল দুপুর ১২টার দিকে, নাজিরারটেকে তাঁর ঘরের সামনে। পাশে তাঁর পরিবারের একজন ঘরের চালা মজবুত করছিলেন, যাতে ঝড়ে উড়ে যেতে না পারে। জোহরা বলেন, ‘১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার বেলায় ঘরের মানুষের অবহেলা ছিল। একসময় ঝড়বৃষ্টির সঙ্গে তুমুল বাতাস শুরু হয়। কোনোরকম গাছে উঠে যাই। নিজে বেঁচে গেলেও স্বজনদের হারাই।’