শিশু শ্রেণি থেকে পাঠ্যসূচিতে সমুদ্রবিজ্ঞান অন্তর্ভুক্ত করার সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

শিশু শ্রেণি (প্রাক্‌–প্রাথমিক) থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সমুদ্রবিজ্ঞান বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিএম পদ্ধতিতে দুটি স্পিডবোট এবং ৩২ মিটার দৈর্ঘ্যের একটি গবেষণা জাহাজ নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্পিডবোট ও গবেষণা জাহাজের বিস্তারিত স্পেসিফিকেশনসহ প্রস্তাব পাওয়ার পর অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। গভীর সমুদ্রে তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আহরণ এবং প্রয়োজনীয় গবেষণা জাহাজ ক্রয়ের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সম্ভাব্যতা যাচাই করছে।

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ইকবালুর রহিম, শফিকুল আজম খান, মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ ও সেলিমা আহমাদ বৈঠকে অংশ নেন।