
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল রোববার চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই বার্ষিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশের কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের নয়নাভিরাম, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন। বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিদেশি কূটনীতিক, অতিরিক্ত আইজিপি, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো বিশেষভাবে সাজানো হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এবারের আয়োজনে বড় ধরনের কাটছাঁট করে সাত দিনের অনুষ্ঠান চার দিনে নামিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে ইভেন্ট ও অতিথির সংখ্যা। ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।
প্রতিবছর অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়। কিন্তু এবার পদক দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ১১৭ জনকে এবং এর আগের বছর ২৩০ জনকে এই পদক দেওয়া হয়েছিল।
চার দিনের অনুষ্ঠানসূচি
রোববার: প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যরা অংশ নেবেন।
সোমবার: সকাল ১০টার দিকে নগরীর ফুলবাড়িয়ায় আইজিপির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশাসনিক বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সময় রাজারবাগ পুলিশ মিলনায়তনে হবে পুনাক সমাবেশ। সন্ধ্যা ৭টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার: সকাল ৭টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস শিল্ড প্যারেড ফাইনাল প্রতিযোগিতা, সকাল ১০টার দিকে আইজি ব্যাজ প্রদান এবং অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হবে। বিকেল ৪টার দিকে আইজিপির কাছে পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাজের উপস্থাপন করা হবে। সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন হবে।
বুধবার: সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে আইজিপির সঙ্গে এসবি, সিআইডি ও পিবিআইয়ের অপরাধবিষয়ক সম্মেলন। বেলা আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসের বার্ষিক সাধারণ সভা, বিকেল ৪টার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।