
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু লোকের শরীর পুড়েও গেছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাতজন ভর্তি হয়েছেন। দু-একজনের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিস্ফোরণে হতাহতদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিস্ফোরণে ১২ জন ঘটনাস্থলে মারা গেছেন। মোট ১৬ জন মারা গেছেন। আর ১১২ জনকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। ঢামেকে ভর্তি আছেন প্রায় ৬৭ জন। বাকিদের অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের চিকিৎসক, নার্স সকলকে এখানে নিয়ে এসেছি, যারা ছিল। আমাদের একটি ইমার্জেন্সি সিস্টেম আছে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে ডাকার জন্য। তাঁরা ইতিমধ্যে মেসেজ পেয়ে গেছেন। এখন চিকিৎসা কার্যক্রম চলমান আছে। হতাহতদের ইমার্জেন্সিতে চিকিৎসা দিচ্ছি। পরবর্তীতে তাঁদের ওয়ার্ডে বা আইসিইউতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আশপাশে যে হাসপাতাল আছে, সেগুলোও আমরা প্রস্তুত রেখেছি। চিকিৎসকেরাও ওখানে প্রস্তুত আছে। ঢামেকে সংকট হলে পাশের বার্ন ইউনিটেও রাখতে পারব। ঢামেকে ওষুধের অভাব নাই, যন্ত্রপাতিরও অভাব নাই।’