ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন (মাঝে)। পাশে বসে আছেন আয়োজক সংগঠনের নেতারা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন (মাঝে)। পাশে বসে আছেন আয়োজক সংগঠনের নেতারা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলেসে মতবিনিময় সভা

প্রবাসীদের রাজনৈতিক অধিকার ও সংসদে প্রতিনিধিত্ব চান ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের পাশাপাশি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা। স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান।
একই সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, ‘নিরঙ্কুশ বিজয় কখনো কখনো স্বৈরাচারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

বর্তমানে চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। তাঁর এ সফর উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপি মাত্র ২৪ ঘণ্টার প্রস্তুতিতে এ মতবিনিময় সভার আয়োজন করে। লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকার অর্কিড কিচেন মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এক নেতা। বক্তব্য শুনছেন প্রধান অতিথি সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনসহ অন্যরা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

সভায় প্রবাসীদের রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসীরা শুধু প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন না, তাঁরা দেশের রাজনৈতিক ভবিষ্যতেও সরাসরি সম্পৃক্ত থাকতে চান।

ভোটাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এখন সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সময় এসেছে। নির্বাচনে অংশ নিতে চাইলে পাসপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার আহ্বান জানান তাঁরা। প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতিনিধি মনোনয়নের সুযোগ রাখার প্রস্তাবও ওঠে সভায়।

নেতা-কর্মীদের দাবির জবাবে সংসদ সদস্য ফজলুল হক মিলন প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, দাবিগুলো তিনি সংসদে উত্থাপনের চেষ্টা করবেন। বর্তমান সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, সেই কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমি সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত।’

ক্যালিফোর্নিয়া বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকেরা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। কয়েকজন বক্তা মন্তব্য করেন, গত ১৫ বছরে দেশের যে ক্ষতি হয়নি, গত ১৫ মাসে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও কটূক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানানো হয়।

বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ বছরের প্রবাসজীবনের অভিজ্ঞতার প্রশংসা করে তাঁকে ‘প্রবাসীবান্ধব নেতা’ হিসেবে উল্লেখ করেন। এ সময় ফজলুল হক মিলনের ৪৯ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে তথা মন্ত্রিসভায় দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর (শিপলু) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় সভায় বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের (ডান থেকে তৃতীয়) সঙ্গে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সৈয়দ নাসির জেবুল, লোকমান হোসাইন, বদরুল আলম মাসুদ, আবদূল হাকিম, সারজিল ইউসুফ, মোশাররফ হোসেন ইমন, কামাল হোসেন তরুণ, আলমগীর হোসেন, এফ জন, শাহাদাত হোসেন শাহীন, সাইফুর আনসারি, হাসানাত খন্দকার, নিয়াজ মোহাইমিন, মাহবুবুর রহমান শাহীন, খন্দকার আলম, কানচন চৌধুরী, লিটু আহমেদ, মার্শাল হক, ইলিয়াস মিয়া, মোহাইমিন রাসেল, রফিকুজ্জামান জুয়েল, মোহাম্মদ মানিক, শাহাদাত শান্ত, মিজানুর রহমান, সারোয়ার বাবলু, বদরুল হক, আবু সুফিয়ান প্রমুখ।

সভা শেষে প্রবাসী নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর জোর দেন। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পূর্ণতা পেতে পারে না বলে মত দেন তাঁরা।