
ওদিকে গান হচ্ছে তবে নাবিলা রেজার মনোযোগ সামনের খাতায়। পদার্থের সূত্রগুলোতে চোখ বুলিয়ে নিচ্ছে। চোখেমুখে বেশ চিন্তা। বড় ভাই গতবার জাতীয় পর্যায়ে এসেছিল। এবার ভাইয়ের সঙ্গে সেও প্রতিযোগী। কয়েক ঘণ্টা পরেই ছিল তার ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা।
এই দৃশ্য ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজনে অংশ নিতে রাজশাহী থেকে এসেছে সপ্তম শ্রেণির নাবিলা। আঞ্চলিক পর্বে বিজয়ী হয়ে জাতীয় পর্বে অংশ নিচ্ছে। বড় ভাই একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে–ও এবারের প্রতিযোগী। মায়ের সঙ্গে ঢাকায় এসেছে ভাইবোন।
এবারের জাতীয় পর্বে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, দিনাজপুর ও বরিশাল আঞ্চলিক পর্বের বিজয়ী প্রায় ৯০০ শিক্ষার্থী জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নেয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় এই আয়োজনের উদ্বোধন করা হয়। বেলা দুইটায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ছিল গান, নাচ, জাদু, বিট বক্সিংসহ সাংস্কৃতিক আয়োজন।
আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হবে উৎসবের শেষ পর্ব। আগামীকালের আয়োজনে থাকবে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকালে নাবিলার সঙ্গে যখন কথা হয়, তখন তার পাশেই ছিল সপ্তম শ্রেণির শ্রীমা চৌধুরী। চট্টগ্রাম থেকে মায়ের সঙ্গে সে এসেছে। শ্রীমা অবশ্য পরীক্ষা নিয়ে ভাবছে না। সে বলে, ‘চিন্তা করছি না। যা হওয়ার হবে।’ সে নাচ ও গান উপভোগ করছে।
শিক্ষার্থীরা এসেছে তাদের অভিভাবকের সঙ্গে। কেউ বই–খাতা দেখে প্রস্তুতি নিচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে মজা করছে, কেউবা অনুষ্ঠানস্থল ঘুরে দেখছে। খুদে পদার্থবিদদের পদচারণে মুখর ছিল কার্জন হল প্রাঙ্গণ।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে দুই ছেলেকে নিয়ে ভোলা থেকে এসেছেন নজরুল ইসলাম। নিজে পদার্থবিজ্ঞানের শিক্ষক। বাবার উৎসাহে ছেলেরাও পদার্থের দিকে ঝুঁকছে। জানান, বড় ছেলের আগ্রহ বেশি। তাঁর আশা, ছেলে এবার বিজয়ী হবে।
সিলেটের মৃগাংক বণিকের কাছে ‘পদার্থ খুব মজার, কঠিন লাগে না।’ দশম শ্রেণির এই শিক্ষার্থী এর আগে গণিত অলিম্পিয়াডেও অংশ নিয়েছিল। মৃগাংকের ইচ্ছা, সে পদার্থবিদ হবে একদিন।
জাতীয় পর্বের এ আয়োজনে ছিল প্রযুক্তি মেলা। অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরাই নিজেদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরাফাত বিন বৈদূর্ঘ্য বানিয়েছে ‘এনডিসি চ্যাটপিডিয়া’। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি তার এই চ্যাটবটটি নটর ডেম কলেজ সম্পর্কে যেকোনো কিছু জিজ্ঞাসা করলেই সঙ্গে সঙ্গে তার উত্তর পাওয়া যাবে। দর্শনার্থী শিক্ষার্থীরাও সেখানে নটর ডেম সম্পর্কে নানা প্রশ্ন করে যাচ্ছিল।
স্মার্ট অ্যাগ্রো বটের কাজ হচ্ছে সে মাটির আর্দ্রতা পরীক্ষা করা, ফসল কাটা, শস্য বোনা, সার ছিটানোসহ অনেক কিছু। অর্থাৎ চাষাবাদের জন্য একজন কৃষকের যা যা প্রয়োজন, তার সবই করবে এই প্রযুক্তি। যা স্মার্টফোনের মাধ্যমেও পরিচালনা করা যায়। এটি বানিয়েছে, সিলেট থেকে আসা তিন শিক্ষার্থী জুবায়ের আল আরাবিয়া, শাওন তালুকদার এবং বিশাল রায়।
এবার ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, সপ্তম থেকে অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, নবম থেকে দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা রয়েছে ‘ডি’ ক্যাটাগরিতে।
চলতি বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াড। এ লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ১৩তম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। প্রথমে অনলাইনে আয়োজিত হয়েছে বাছাই পর্ব। এ পর্বের বিজয়ীরা অংশ নেয় ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে।
জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাই করা প্রার্থীদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। সে দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল বলেন, গণিত ও পদার্থ ভালো করে জানলে বিশ্বজয় করা যায়। পদার্থে ভালো না পারলে মানব সভ্যতা পূর্ণতা পায় না। সামনে চতুর্থ শিল্পবিপ্লবের যুগ, তাই পদার্থের গুরুত্ব এখন আরও বেশি। দেশের নানা প্রান্ত থেকে সন্তানদের নিয়ে আসার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীরা আরও ভালো কিছু করার উৎসাহ পাবে।
এ অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে বিডিকম।
ফিজিক্স অলিম্পিয়াডে এবার বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পাবে বলে আশা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, পদার্থে সাফল্য আনতে পারলে দেশের নামও উজ্জ্বল হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়। বিজ্ঞান সচেতনতা তৈরি হলেই সমাধানভিত্তিক মনোভাব তৈরি হবে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, বিভাগের অধ্যাপক গোলাম দস্তগীর আল-কাদেরী, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ প্রমুখ।