বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়

‘ফ্যামিলি কার্ডের’ মতো ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার

‘ফ্যামিলি কার্ডের’ মতো কৃষকদের ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়।

সভা চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কৃষক কার্ড দেওয়ার বিষয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, নীতিগতভাবে বহু আগেই এটি তাঁদের সিদ্ধান্ত। এখন বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ইনশা আল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে।’

কৃষক কার্ডের পাইলট প্রকল্প কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সময়টি এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কারণ, এতে প্রস্তুতির বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ হচ্ছে, যত দ্রুত সম্ভব এটা করা।