ব্যবসায়ী হত্যা, চট্টগ্রামে ৩ ছিনতাইকারীর যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

২৩ বছর আগের ঘটনা। চট্টগ্রাম নগরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দিয়েছেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন খোরশেদ আলম, মো. হাসান ও জসিম উদ্দিন।

সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আদালত তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আরেক ধারায় তাঁদের ৫ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। তবে দুটি সাজাই একসঙ্গে চলবে।

আদালত সূত্র জানায়, ২০০০ সালের ৬ জানুয়ারি নগরের কোতোয়ালি থানার কোরবানীগঞ্জ এলাকা দিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। এ সময় তিনি তাঁর পরিচিত একজনের কাছ থেকে কয়েকজন ছিনতাইকারীকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিতে দেখেন। তিনি ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে এ সময় ছিনতাইকারীরা তাঁকে গুলি করেন।

গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০২ সালের ৪ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিলেন।

দণ্ড পাওয়া ব্যক্তিদের প্রসঙ্গে আদালতের বেঞ্চ সহকারী সেকান্দর আলী প্রথম আলোকে জানান, সাজা হওয়া তিনজন ছিনতাইকারী দীর্ঘদিন থেকে পলাতক আছেন। আদালতের নির্দেশে তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।