
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় পেছন থেকে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি সবজিবাহী পিকআপের চালক নিহত হয়েছেন। এ সময় পিকআপের সামনের অংশে থাকা দুই যাত্রী আহত হন। আজ শুক্রবার সকালে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে যান।
নিহত পিকআপের চালকের নাম মো. মহি উদ্দিন (৩৫)। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকার বাসিন্দা। আহত দুজনকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে মহাসড়কের মহিপাল এলাকায় চট্টগ্রামমুখী ফ্লাইওভারে ওঠার আগে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান সবজিবোঝাই পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। পিকআপটি কুমিল্লার নিমসার সবজিবাজার থেকে সবজি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানের ধাক্কা খেয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
চালকসহ তিনজন পিকআপের সামনের অংশে ভেতরেই আটকা পড়েন। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক চালক মহি উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।