
প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসে, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয়–ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান সাংবাদিকদের এ কথা জানান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরে। কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে একটি দল হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে বলা হয়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে প্রকৃত সেবা পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। এখন পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এ কার্ডের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি নয়, তাঁরা সবার কল্যাণে কাজ করতে চান। অন্যদিকে কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা ও নিপুণ রায় চৌধুরী।