
পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডির একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে দগ্ধ মো. সেলিম ব্যাপারী (৩০) গতকাল শুক্রবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। ওই ঘটনায় দগ্ধ তাঁর মা সেলিনা বেগম (৪৫) ও বাবা মুক্তার ব্যাপারী (৫৫) একই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মুক্তার ব্যাপারী সপরিবার নারিন্দা কাঁচাবাজারের কাছে দক্ষিণ মৈশুন্ডির একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন। তাঁর ফ্রিজ ও এসির ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বাসায় এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায়। প্রতিবেশীরা জানালা ভেঙে ওই বাসায় ঢুকে দগ্ধ মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা ও তাঁদের একমাত্র সন্তান সেলিমকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে গতকাল শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে সেলিম মারা যান। প্রতিবেশীরা পরে বাড়ির আগুন নিভিয়ে ফেলেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর বাবা মুক্তারের শরীরের ২২ ও মা সেলিনার ২০ ভাগ পুড়ে গেছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মুক্তার ফ্রিজ ও এসির গ্যাস সিলিন্ডার বাসায় এনে রেখেছিলেন। ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সেটি বাসার দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে ওই বাসার এক নারী আহত হন।