২৮ অক্টোবরের সন্ত্রাসী ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

গত ২৮ অক্টোবর রাজধানীতে দুই দলের রাজনৈতিক সমাবেশ ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটি ওই দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করেছে। অক্টোবর মাসের মানবাধিকার প্রতিবেদনে এ দাবি করেছে এমএসএফ। সংগঠনটি প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন দেয়।

২৮ অক্টোবরের পরিস্থিতি তুলে ধরে এমএসএফের প্রতিবেদনে বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে প্রধান বিরোধী দলসহ অধিকাংশ বিরোধী দল মহাসমাবেশের ডাক দেয়। একই সঙ্গে একই দিনে ক্ষমতাসীন দল শান্তি সমাবেশের নামে কাছাকাছি জায়গায় সভা আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে সরকার সম্ভাব্য সহিংসতা প্রতিরোধের দায়িত্ব পালনের কারণ দেখিয়ে তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিপুলসংখ্যক রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেফতার করে। তল্লাশি চলাচলে বাধা সৃষ্টি ও বল প্রয়োগ করার ফলে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সব দলের কর্মসূচি পালনের জন্য অনুকূল না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এমএসএফ বলে, সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সেসব ঘিরে পরস্পরের প্রতি আক্রমণাত্মক বাক্য বিনিময় জনমনে শঙ্কা ও উদ্বেগ সৃষ্টি করে। পুরো মাসেই সাধারণ মানুষ গভীর উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত ২৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির একই দিনে কাছাকাছি জায়গায় মহাসমাবেশ অনুষ্ঠান কেন্দ্র করে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাশের যে ঘটনা ঘটে গেল, তা এককথায় অভূতপূর্ব। পুলিশ ও বিরোধীদলীয় কর্মীসহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুজন। ঘটেছে সাংবাদিক লাঞ্ছনা, অগ্নিসংযোগ ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো ন্যক্কারজনক ঘটনা। সাধারণ জনগণের নিরাপত্তা বোধ প্রচণ্ড রকম নাড়া খেয়েছে। এর ওপর বিএনপির হরতালের দিন নিহত হয়েছেন আরও একজন। যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

এমএসএফের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পাশাপাশি সারা মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নাগরিক ও রাজনৈতিক নেতা-কর্মীদের অপহরণ অব্যাহত রয়েছে, যা ভীতিকর। শুধু তা–ই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে। ক্ষেত্রবিশেষে পুলিশের আটক ও নির্যাতনের ভয়ে আত্মরক্ষার জন্য পালাতে গিয়েও মৃত্যুর ঘটনা ঘটছে। স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সাংবাদিকেরা শারীরিকভাবে লাঞ্ছিত ও অবিরত হুমকির সম্মুখীন হচ্ছেন। সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে হয়রানিমূলক মামলা দেওয়ার মাধ্যমে মতপ্রকাশের বাধা সৃষ্টি করা হচ্ছে, যা একটি ভয়ংকর অপতৎপরতার শামিল।