ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন। রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।
আজ শনিবার সাভারে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার ও রানারআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইয়াসিন আরাফাত এবং ফাইনালের সেরা বিতার্কিক হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাপসী দে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার ক্ষেত্রে শুরু থেকে তরুণেরা ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে টিআইবির সঙ্গে রয়েছেন। তাই তরুণদের উৎকর্ষ সাধনে টিআইবি সব সময় গুরুত্ব দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন বিভাগের পরিচালক মেহবুব ইলাহী, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল নিয়ে গত বৃহস্পতিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুর্নীতি, সুশাসন, গণমাধ্যম, অর্থ পাচার ও জেন্ডার সমতা বিষয়ে মোট ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। ৯৬ জন বিতার্কিক অংশ নেন।