ইতিহাসকে মঞ্চে জীবন্ত করে তুলল সানিডেইলের শিক্ষার্থীরা

সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থীরা এক অনবদ্য পরিবেশনায় তুলে এনেছিল দেশ ও জাতির চিরগৌরবময় আন্দোলন–সংগ্রামের ইতিহাস
ছবি: প্রথম আলো

ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠল চোখের সামনে। এই ইতিহাস বাংলা ও বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয়ের, স্বাধীনতা সংগ্রামের। স্বাধীনতার স্মারক হয়ে থাকা রক্তঝরা মার্চের প্রথম দিনে বুধবার রাজধানী সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থীরা এক অনবদ্য পরিবেশনায় তুলে এনেছিল দেশ ও জাতির চিরগৌরবময় আন্দোলন–সংগ্রামের ইতিহাস। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ‘মুক্তিসংগ্রামে বাঙালি’ নামের এ অনুষ্ঠানের শেষে অতিথি আলোচকেরা শিক্ষার্থীদের বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে। এখন তোমাদেরই দেশকে এগিয়ে নিতে হবে। সর্বক্ষেত্রে বাংলার বিজয়কে নিশ্চিত করতে কাজ করতে হবে।’

সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়েছিল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সানিডেইল স্কুলের চেয়ারম্যান ড. তানভীর আহমেদ খান, স্কুলপ্রধান তাজিন আহমেদ, অধ্যক্ষ ইয়াসমিন হাবিব ও অধ্যক্ষ জেবুন্নেসা মাহমুদকে নিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। শিক্ষার্থীরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়। এরপর মঞ্চ শিক্ষার্থীদের দখলে যায়।

গান, কবিতা আবৃত্তি ও ইতিহাসের ধারাক্রমের পাঠ, অভিনয় আর নৃত্যের মিলমিশে হয় বিরতিহীন উপভোগ্য পরিবেশনা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে মহান মুক্তিযুদ্ধের বিজয় পর্যন্ত ঘটনাপ্রবাহ সাজানো হয়েছিল চারটি পর্বে। বঙ্গভঙ্গ রদ আন্দোলন থেকে ১৯৪৭ সালের দেশ ভাগ। এই পর্ব শুরু হয় ‘ও আমার দেশের মাটি’ গানের সঙ্গে সমবেত নৃত্যের ছন্দে। অভিনয়ে থাকে বঙ্গভঙ্গ পর্ব, সঙ্গে ‘পথে এবার নামো সাথি’ গান। দেশভাগের দুঃসহ ঘটনা এল অভিনয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

এরপর ঘটনাক্রম এগিয়ে যায় ইতিহাসের পথ ধরে। দ্বিতীয় পর্বে ছিল ভাষা আন্দোলন। পাকিস্তান হলো। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা দিলেন। প্রতিবাদ হলো পথে পথে। ভাষার দাবিতে বাঙালির রক্তে রঞ্জিত হলো রাজপথ। ‘মোদের গরব মোদের আশা’, ‘আমার প্রতিবাদের ভাষা প্রতিরোধের আগুন’ এমন সব গানের সঙ্গে উদ্দীপনাময় নৃত্য। ‘তুমি বাংলা ছাড়ো’ আবৃত্তি। এরপরের পর্বে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির মুক্তির সনদ ছয় দফার ঘোষণা। গান হলো ‘আগুয়ান হও আগুয়ান’, ‘কারার ওই লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য। এরপর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ১৯৭১–এর ২৫ মার্চ কালরাতে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার সেনাদের বর্বর হামলা, গণহত্যা। প্রতিরোধ গড়ে তুলল বীর বাঙালি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, কথিকা গান আর রণাঙ্গনে বীর বাঙালির মুক্তিসংগ্রাম সব উঠে এল, ‘ভয় কি মরণে’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’সহ বিভিন্ন গানে গানে, অভিনয়ে আর নৃত্যে। সবশেষে লাল পতাকা উড়িয়ে এল বিজয়। রইল লাল–সবুজ পতাকা উড়িয়ে ‘চল চল চল’ গানের সঙ্গে জোর কদমে এগিয়ে চলার প্রত্যয়।

চোখের সামনে মূর্ত হয়ে ওঠা চিরগৌরবের ঘটনাবলি আবেগে আপ্লুত, অভিভূত করেছিল সবাইকেই। প্রতিটি পরিবেশনার শেষে মুহুর্মুহু করতালি দিয়ে শিক্ষার্থী আর অভিভাবকেরা উৎসাহিত, অভিনন্দিত করছিলেন মঞ্চের শিশু-কিশোর শিল্পীদের। তারা সবাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

গান, কবিতা আবৃত্তি ও ইতিহাসের ধারাক্রমের পাঠ, অভিনয় আর নৃত্যের মিলমিশে বিরতিহীন উপভোগ্য পরিবেশনা

আলোচনা করতে এসে প্রধান অতিথি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীও পরিবেশনাটি দেখে তাঁর মুগ্ধতার কথা বলে ভূয়সী প্রশংসা করলেন নতুন প্রজন্মের বাঙালিদের। তিনি বলেন, ‘এই পরিবেশনার মধ্য দিয়ে দেশের ইতিহাস ও জাতির সংস্কৃতির প্রতি তাদের দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে। আমাদের দেশসহ সারা বিশ্বেই এখন এক ক্রান্তিকাল চলছে। নতুন প্রজন্মের মধ্যে যে সৃজনশীলতা এই আয়োজনে দেখা গেল, তাতে আমরা আশাবাদী যে তারা পৃথিবীকে বদলে দিতে পারবে।’

সানিডেইল স্কুলের চেয়ারম্যান তানভীর আহমেদ খান বলেন, ‘আমরা ইংরেজি মাধ্যমের স্কুল হলেও শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে বাঙালির ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে তাদের মানবিক সত্তা গড়ে তোলার কাজ করে যাচ্ছি।’

স্কুলপ্রধান তাজিন আহমেদ বলেন, ‘আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আবেগ ধারণ করে আমাদের শিক্ষার্থীরা যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশকে এগিয়ে নিতে পারে।’

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। কিন্তু সংগ্রাম শেষ হয়নি। মানুষের জীবনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে তুলতে নতুন প্রজন্মের বাঙালিকে সংগ্রাম করে যেতে হবে। তরুণ বাঙালির জীবনের বড় কাজ হবে সব ক্ষেত্রে বাংলাদেশের বিজয় অর্জন।

সবাই মিলে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই আনন্দঘন পরিবেশনা শেষ হয়।