বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) যে দুটি কারখানা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় দিয়েছে, তার একটি ঢাকার ডেমরার আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড। এই কারখানা পিপিপির আওতায় ২০১৯ সালের ২৫ জুন তানজিনা ফ্যাশন লিমিটেডকে দেয় বিটিএমসি। কারখানাটি কেমন চলছে তা দেখতে অনুমতি চাইলে ৮ জানুয়ারি তানজিনা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এ আই এম হাসানুল মুজিব প্রথম আলোকে জানান, ভেতরে এখনো কাজ বাকি আছে। এ জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পিপিপির অনেক মডেল আছে। তার মধ্যে একটি ধরন লিজ (ভাড়া) পিপিপি। বিটিএমসি তাদের কারখানাগুলো লিজ পিপিপির আওতায় দিচ্ছে।মো.আবুল বাশার, মহাপরিচালক (প্রোগ্রামিং ও ইনভেস্টমেন্ট প্রমোশন), পিপিপি কর্তৃপক্ষ
পরদিন ডেমরার আহমেদ বাওয়ানী টেক্সটাইল কারখানায় গেলে স্থানীয় ব্যক্তিরা জানান, কারখানায় তানজিনা ফ্যাশনের পাশাপাশি এখনো বিটিএমসির কিছু কর্মকর্তা–কর্মচারী রয়েছেন। কারখানার আগের সব যন্ত্রপাতি বিক্রি করে দেওয়ায় সেখানে সুতা বা কাপড় উৎপাদিত হয় না। সোয়েটারের কাজ, কাপড়ে রং করাসহ গার্মেন্টের বেশকিছু কাজ চলে। গুদামসহ কিছু জায়গা কয়েকটি প্রতিষ্ঠানকে অন্যান্য কাজের জন্য ভাড়া দিয়েছে তানজিনা ফ্যাশন। কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন কিছু কক্ষ করা হয়েছে। এ ছাড়া ভেতরে আগের স্থাপনাই রয়েছে।
হাসানুল মুজিবের দাবি, ভূমি ছাড়া সবকিছু বিটিএমসি তাঁদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন সেখানে ২ হাজার ৬০০ লোক কাজ করছেন। অবশ্য স্থানীয় লোকজনের ভাষ্য, সেখানে লোকবলের সংখ্যা হাজারখানেকের বেশি হবে না।
পিপিপির আওতায় দেওয়া বিটিএমসির আরেকটি কারখানা গাজীপুরের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস লিমিটেড। ২০১৯ সালের ২১ জুলাই ওরিয়ন গ্রুপকে বিটিএমসি কারখানাটি দেয়। বিটিএমসির কর্মকর্তারা জানান, ওরিয়ন গ্রুপ কারখানার চারদিকে সীমানাপ্রাচীর করেছে। নতুন যন্ত্রপাতি আনার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অর্থাৎ, পিপিপির আওতায় দেওয়ার সাড়ে তিন বছর হয়ে গেলেও এখনো কারখানা দুটি পুরোপুরি উৎপাদনে যেতে পারেনি। এমনকি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও আধুনিক যন্ত্রপাতিও স্থাপন করতে পারেনি। এ অবস্থায় বিটিএমসি কারখানা দুটিকে বাড়তি সুবিধা দিয়ে যাচ্ছে।
তানজিনা ফ্যাশনের হাসানুল মুজিব বলেন, ভূমি দেওয়ায় বছরে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বিটিএমসিকে দেওয়ার কথা। কিন্তু প্রথম তিন বছর গ্রেস পিরিয়ড এবং করোনার কারণে আরও দুই বছর এই অর্থ দিতে হবে না।
বিটিএমসি যেভাবে পিপিপিতে দিচ্ছে তাতে যৌথ বিনিয়োগ, যৌথ ঝুঁকি ও যৌথ মুনাফা গ্রহণের সুযোগ থাকছে না। দীর্ঘমেয়াদি ভাড়া দেওয়া হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি
বিষয়গুলো নিয়ে কথা বলতে বিটিএমসি চেয়ারম্যানের দপ্তরে যান এই প্রতিবেদক। চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে পিপিপি প্রকল্পগুলোর প্রকল্প পরিচালক ও প্রধান জনসংযোগ কর্মকর্তা (বোর্ড শাখা) কাজী ফিরোজ হোসেনের সঙ্গে কথা বলতে বলা হয়।
কাজী ফিরোজ হোসেন প্রথম আলোকে বলেন, তানজিনা ফ্যাশনের কাছে কারখানা এখনো হস্তান্তর সম্পন্ন হয়নি। তবে হস্তান্তরের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওরিয়ন গ্রুপের কাছে কারখানা হস্তান্তর করা হয়েছে। নতুন যন্ত্রপাতি স্থাপনসহ কারখানা মেরামত করে পুরো উৎপাদনে যাওয়ার জন্য তাদের প্রথম তিন বছর সময় দেওয়া হয়। করোনার কারণে তাদের আরও দুই বছর ছাড় দেওয়া হচ্ছে।
জানা যায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এখন পর্যন্ত বিটিএমসির ১৬টি কারখানা পিপিপির আওতায় দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, কাগজপত্রে পিপিপি হলেও কারখানাগুলো মূলত ভাড়া দেওয়া হচ্ছে। সেই সঙ্গে উৎপাদনে যাওয়ার জন্য যে সময় ছাড় দেওয়া হচ্ছে, তা–ও কাজে লাগছে না।
বিটিএমসির ৮৬টি কারখানার মধ্যে ২৫টি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে রয়েছে। মূলত বিটিএমসি নব্বইয়ের দশক থেকেই উৎপাদনে নেই। বছরের পর বছর এসব কারখানা ফেলে রাখা অবস্থায় ২০১৪ সালের ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বিটিএমসির কারখানাগুলো চালুর নির্দেশনা দেন।
কারখানাগুলো আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারিভাবে চালুর উদ্যোগ না নিয়ে বিটিএমসির কর্মকর্তারা পিপিপি ও ভাড়ার মাধ্যমে এগুলো সচল করার পরিকল্পনা করেন।
বিটিএমসি কারখানার যন্ত্রপাতি ও স্থাপনা বিক্রি করে শুধু জমি ৩০ বছরের জন্য পিপিপির আওতায় দিচ্ছে। পরবর্তী সময়ে আরও মেয়াদ বৃদ্ধির সুযোগ রাখা হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান লাভ–লোকসান যা–ই করুক না কেন, বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিটিএমসিকে দেবে। চুক্তির শর্তগুলো বেসরকারি প্রতিষ্ঠান ঠিকমতো মেনে চলছে কি না, তা বিটিএমসি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পিপিপি কর্তৃপক্ষ যৌথভাবে দেখভাল করবে। এ বিষয়কেই কারখানা পিপিপিতে দেওয়া বলছে বিটিএমসি।
পিপিপি প্রকল্পগুলোর পরিচালক কাজী ফিরোজ হোসেন বলেন, চুক্তির বিষয়গুলো দেখভাল করার জন্য কমিটি থাকবে। প্রকল্প করার জন্য সরকারের যত ধরনের সহযোগিতা করা দরকার, তাতে বিটিএমসি সহযোগিতা করবে। যেমন পরিবেশের ছাড়পত্র তারা নিতে না পারলে বিটিএমসি সহযোগিতা করবে। এসব কারণে এটা পিপিপি প্রকল্প, ভাড়া নয়।
পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক (প্রোগ্রামিং ও ইনভেস্টমেন্ট প্রমোশন) মো.আবুল বাশার প্রথম আলোকে বলেন, পিপিপির অনেক মডেল আছে। তার মধ্যে একটি ধরন লিজ (ভাড়া) পিপিপি। বিটিএমসি তাদের কারখানাগুলো লিজ পিপিপির আওতায় দিচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, আইনে বলা আছে, পিপিপি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকার যৌথভাবে ঝুঁকি গ্রহণ করবে। তার মাধ্যমে মুনাফা গ্রহণ করবে। কিন্তু বিটিএমসি যেভাবে পিপিপিতে দিচ্ছে, তাতে যৌথ বিনিয়োগ, যৌথ ঝুঁকি ও যৌথ মুনাফা গ্রহণের সুযোগ থাকছে না। সে ক্ষেত্রে একে পিপিপি বলার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এটাকে দীর্ঘমেয়াদী ভাড়া দেওয়া হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।