জাতীয় সংসদে শুধু হ্যাঁ–না ভোট দিয়ে আইন পাসে ভূমিকার মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের কার্যক্রম সীমাবদ্ধ হয়ে আছে। এই অভিযোগ করে একজন মহিলা সংসদ সদস্য বলেছেন, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যরাও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে চান। কিন্তু বরাদ্দে বৈষম্যের কারণে তাঁদের সে সুযোগ হয়ে ওঠে না।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। আলোচনায় কোনো কোনো মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনেও সরাসরি নির্বাচন চেয়েছেন। আবার কেউ কেউ তার বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, আপাতত সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের প্রয়োজন নেই। সংরক্ষিত আসনের প্রচলিত প্রক্রিয়ার মধ্যেই জনগণের জন্য কাজ করা যায়।
‘বাংলাদেশের জাতীয় উন্নয়নপ্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। সভায় উঠে আসে, জাতীয় সংসদে এখন মহিলা সংসদ সদস্য আছেন ৭৩ জন। এর মধ্যে সরাসরি নির্বাচিত হয়ে আসা সংসদ সদস্য ২৩ জন, বাকিরা সংরক্ষিত আসনের। অর্থাৎ সব মিলিয়ে সংসদে নারীর প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংসদে নারীদের জন্য নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। সেসব আসনে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচিত আসনের আনুপাতিক হারে নারী সদস্যদের মনোনীত করেন। নারী সংগঠনগুলো বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে, সংরক্ষিত আসনসংখ্যা ১০০–তে বাড়িয়ে সেসব আসনে সরাসরি নির্বাচন দেওয়ার। তবে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সেই দাবি পূরণের বিষয়ে আগ্রহী হয়নি। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার অঙ্গীকারও কোনো দল পূরণ করেনি। সভায় আরও বলা হয়, স্থানীয় সরকারে মহিলা ভাইস চেয়ারম্যানরা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন করে। তবে নির্বাচিত পুরুষ জনপ্রতিনিধিরা তাঁদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে কাজ করার অনেক সুযোগ আছে। তাই বরাদ্দ কী পেয়েছেন, তার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করতে হবে। রাজপথে লড়াকু নারীরাই সংরক্ষিত আসনে মনোনীত হয়েছেন। সরাসরি নির্বাচনের ব্যবস্থা যত দিন না হবে, তত দিন সংরক্ষিত আসন রাখার প্রয়োজনীতা আছে। স্পিকার জানান, তিনি নিজেও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি জানান, তিনিও একসময় সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। পরে সরাসরি নির্বাচিত হন। তিনি বলেন, কাজের মাধ্যমে নিজেকে যোগ্য করে নারীদের নিজেদের জায়গা তৈরি করতে হবে। নির্বাচনী এলাকায় পুরুষেরা অনেক দিন পরিশ্রম করে জায়গা তৈরি করেছেন। তাই বললেই তাঁরা তাঁদের জায়গা ছেড়ে সরে দাঁড়াতে চাইবেন না। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এমন হতে পারে, ব্যবসায়ীর স্ত্রীরাই অর্থের কারণে পাস করে চলে আসবেন। এতে হিতে বিপরীত হতে পারে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান বলেন, ‘আলোচনা–সমালোচনা করে হ্যাঁ–না ভোটের মাধ্যমে আইন পাস করে দেব, শুধু এটাই আমাদের কাজ নয়। আমরা উন্নয়নকাজে সক্রিয়ভাবে অংশ নিতে চাই। আমরা মাঠেঘাটে ঘুরে বেড়াই, জনগণের অনেক চাহিদা। কিন্তু বরাদ্দে বৈষম্যের কারণে আমরা কিছু দিতে পারি না। এ ছাড়া সাধারণ আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের মূল্যায়নেও হেরফের হয়।’
আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সংসদ সদস্যের মধ্যে সৈয়দা রুবিনা আক্তার সাধারণ আসনে ভোট করে সরাসরি নির্বাচিত হয়ে আসার প্রত্যাশার কথা বলেন। একই দলের শামসুন নাহার বলেন, কোনো অনুষ্ঠানে সংরক্ষিত আসনের অনেক মহিলা সংসদ সদস্য বসারও জায়গা পান না বলে অভিযোগ করা হয়, তাঁর ক্ষেত্রে এমনটা কখনো ঘটেনি। তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করে তাঁর জায়গা তৈরি করে নিয়েছেন। কাজী কানিজ সুলতানার মতে, তাঁরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন।
এ ছাড়া আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের জাকিয়া পারভীন খানম, জাকিয়া তাবাসসুম, নার্গিস রহমান ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য শোক প্রস্তাব করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম। সভাটি সঞ্চালনা করেন সংস্থার আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।