জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে বৃষ্টিতে ভিজে রিকশার ওপর উঠে স্লোগান দুই তরুণীর
জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে বৃষ্টিতে ভিজে রিকশার ওপর উঠে স্লোগান দুই তরুণীর

গণ-অভ্যুত্থানের ঘটনায় করা ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হওয়া মোট ৩৪ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ১৩টি এবং অন্যান্য ধারায় বাকি ২১ মামলা। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন থানায় রয়েছে। এর মধ্যে কিছু মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করেছে।

অন্যান্য ধারার ২১টি মামলা হলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) ও আরএমপির আওতাধীন থানার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যা মামলায় মোট আসামি ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলায় মোট আসামি ৭৭৭ জন। ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।