জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহনের বর্ধিত ভাড়া সমন্বয় নিয়ে আজ শনিবার (৬ আগস্ট) বিকেলে বৈঠক হবে। বিকেল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো বলছে, আজকের বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা আছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাসাভাড়া নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে। আমরা চাই , জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বর্ধিত ভাড়ার হার আজই সমন্বয় করা হোক।’
গতকাল শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।