আগামী ২৫ জুন ভারতের দিল্লিতে ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬–এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে
আগামী ২৫ জুন ভারতের দিল্লিতে ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬–এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে

ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া

প্রথম আলোর ‘তবু মাথা নোয়াবার নয়’ পেল সেরার স্বীকৃতি

প্রথম আলো কার্যালয়ে উগ্রবাদীদের পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের পর দেশের শীর্ষ সংবাদমাধ্যমটি যেভাবে ঘুরে দাঁড়িয়ে ঘটনাটিকে পাঠক-দর্শকের কাছে নিয়ে গেছে, তার স্বীকৃতি এসেছে বিশ্বের সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংস্থা ওয়ান-ইফরার কাছ থেকে। এ জন্য ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেইন ফর আ নিউজ ব্র্যান্ড’ বিভাগে সোনা জয় করেছে প্রথম আলো।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত হত্যাকাণ্ডের ওপর নির্মিত ভিডিও প্রতিবেদন ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’-এর জন্য ‘বেস্ট ইউজ অব ভিডিও’ বিভাগে প্রথম আলো রুপা জিতেছে।

আজ বুধবার ওয়ান-ইফরার (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংবাদমাধ্যম থেকে ১২টি বিভাগে শতাধিক আবেদন জমা পড়ে। ওয়ান-ইফরা বলেছে, উদ্ভাবন, পাঠক-দর্শকদের ওপর প্রভাব এবং সাংবাদিকতার উৎকর্ষ বিবেচনায় নিয়ে ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ, সম্পাদক এবং এই খাতের নেতৃস্থানীয়রা সেসব আবেদন পর্যালোচনা করে পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তাঁদের বিবেচনায় দুই বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে প্রথম আলো।

ওয়ান-ইফরা বিশ্বের ১২০টির বেশি দেশের তিন হাজার সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান ও উদ্যোক্তার প্রধান সংগঠন। গত বছর ওয়ান-ইফরার বৈশ্বিক আয়োজন ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ দুটি বিভাগে সেরার পুরস্কার পেয়েছিল প্রথম আলো। বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম হিসেবে প্রথম আলোর এ স্বীকৃতি আসে।

ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬-এ সোনা বিজয়ীরা ওয়ান-ইফরার বৈশ্বিক আয়োজন ‘ওয়ার্ল্ড ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসে’ চূড়ান্ত ফাইনালিস্ট হিসেবে অংশ নেবে। বিশ্বের ৭৮টি দেশের শীর্ষস্থানীয় ফাইনালিস্টরা ১২টি বিভাগে বৈশ্বিক শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী জুনে ফ্রান্সের মার্সেইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস ২০২৬’-এ চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে প্রথম আলোর ‘তবু মাথা নোয়াবার নয়’ শীর্ষক প্রচারণাটি।

গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এই প্রচারণা পরিচালনা করা হয়। এর আওতায় সংবাদ প্রতিবেদন, লেখা, ভিডিও ও অন্যান্য প্রতিবেদন প্রকাশের মাধ্যমে হামলার বিবরণ, হামলাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ এবং এর সবকিছু ছাপিয়ে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়ে প্রথম আলোর এগিয়ে চলার বিষয়টিকে তুলে ধরা হয়। ‘সত্য পোড়ানো যায় না’ এই প্রত্যয়কে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাঠক-দর্শকের সামনে নিয়ে যায় প্রথম আলো। ছাপা পত্রিকা, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লেখা, ছবি, ভিডিওসহ নানা মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে তুলে ধরা হয়। পাঠক-দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংহতি প্রচারণাটিকে শক্তি, গভীরতা ও ব্যাপকতা দেয়।

‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’

প্রথম আলো ‘বেস্ট ইউজ অব ভিডিও’ ক্যাটাগরিতে রুপা জয় করেছে ‘রক্তাক্ত মহাসড়ক: যাত্রাবাড়ী হত্যাকাণ্ড’ শীর্ষক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের জন্য। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল হোসাইন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট রাজধানী ঢাকার অন্যতম প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রাবাড়ী থানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের ওপর নিষ্ঠুর বর্বরতা ও হত্যাকাণ্ড চালায়। এই মহাসড়কের এক কিলোমিটারের মধ্যে সাত ঘণ্টায় ৬০ জন নিরস্ত্র মানুষকে কীভাবে হত্যা করা হয়, তা বিশদভাবে উঠে আসে এই প্রামাণ্যচিত্রে।

এই বিভাগে সেরার পুরস্কার পেয়েছে বাংলাদেশের আরেক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। তা ছাড়া ‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল প্রোডাক্ট’ বিভাগেও রুপা জিতেছে বাংলাদেশের এই ইংরেজি সংবাদমাধ্যম।

সেরার পুরস্কার পাচ্ছে অন্য যেসব সংবাদমাধ্যম

আগামী ২৫ জুন ভারতের দিল্লিতে ওয়ান-ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া ২০২৬–এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অন্যান্য বিভাগে সোনা বিজয়ী সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে ভারতের দ্য হিন্দু (বেস্ট এআই-ড্রিভেন নিউজ প্রোডাক্ট, ফরম্যাট অর স্ট্র্যাটেজি এবং বেস্ট নিউজ ওয়েবসাইট), কালেকটিভ নিউজরুম (বেস্ট ডেটা ভিজ্যুয়ালাইজেশন ও বেস্ট ইন কাউন্টারিং ডিসইনফরমেশন), স্পট অন (বেস্ট ইমার্জিং নিউজ প্রোভাইডারস), হিন্দুস্তান টাইমস (বেস্ট ইন অডিয়েন্স এনগেজমেন্ট এবং মোস্ট ইনোভেটিভ ডিজিটাল প্রোডাক্ট), ফিন্যান্সিয়াল টাইমস (বেস্ট নিউজলেটার), ডয়চে ভেলে (বেস্ট ইউজ অব অডিও), দ্য ডেইলি স্টার (বেস্ট ইউজ অব ভিডিও) এবং মনোরমা অনলাইন (বেস্ট রিডার রেভিনিউ)।

প্রথম আলোর আরও যত পুরস্কার

ওয়ান-ইফরার দক্ষিণ এশীয় এই আয়োজনে বিগত বছরগুলোতে প্রথম আলো দুটি সোনাসহ মোট ১১টি পুরস্কার পেয়েছে। এ ছাড়া ১০০টির বেশি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যমের সংগঠন ইনমার (ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন) বৈশ্বিক আয়োজন ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস’-এ ‘দক্ষিণ এশিয়ার সেরা’ ছাড়াও দুটি প্রথম পুরস্কারসহ এ পর্যন্ত মোট ১১টি পুরস্কার পেয়েছে প্রথম আলো।