গোপালগঞ্জের সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম সম্পূর্ণভাবে আবার সচল করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে জরুরি নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ দুই নির্বাহী পরিচালকের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। অপর দুজন হলেন পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক।
আরিফ শেখ নামের এক আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান। আরিফ শেখ গোপালগঞ্জের (গ্রাম-চিতশী, থানা-কোটালীপাড়া) বাসিন্দা বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।
২৫ নভেম্বর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী বিকাশ, নগদ ও রকেট লিমিটেড (মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে) কোনো পূর্বঘোষণা, ব্যক্তিগত বা গণ-নোটিশ কিংবা সুনির্দিষ্ট আইনগত বা নিয়ন্ত্রক কারণ ছাড়াই গোপালগঞ্জ জেলার ১০ লক্ষাধিক মানুষের মোবাইল ব্যাংকিং লেনদেন কার্যক্রম ও আর্থিক প্রবেশাধিকার ঢালাওভাবে স্থগিত বা বন্ধ করে দিয়েছে বলে আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে। নোটিশে বলা হয়, এর ফলে ওই জেলার বিপুলসংখ্যক সাধারণ নাগরিক নিজস্ব জমা করা অর্থ উত্তোলন, পাঠানো, ইউটিলিটি বিল পরিশোধ এবং দৈনন্দিন আবশ্যকীয় আর্থিক লেনদেন থেকে বঞ্চিত হয়ে চরম অর্থনৈতিক ও মানবিক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।
কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট বা লেনদেনের বিরুদ্ধে কমপ্লায়েন্স বা মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত সুনির্দিষ্ট সন্দেহ বা কারণ থাকলে তা ব্যক্তিভিত্তিক যাচাই ও প্রচলিত আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করাই বিধিসম্মত বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো সুনির্দিষ্ট আদেশ বা পূর্ব নোটিশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার লক্ষাধিক নাগরিকের আর্থিক সেবা সামষ্টিকভাবে বন্ধ করে দেওয়া স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং সেবার মান ও গ্রাহক অধিকারের পরিপন্থী।
আইনি নোটিশে বলা হয়, সংবিধানের ২৭ অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা ও সমান আশ্রয়), ৩১ অনুচ্ছেদ (আইনের আশ্রয় লাভের অধিকার), ৪০ অনুচ্ছেদ (পেশা বা বৃত্তি কিংবা ব্যবসা বা বাণিজ্য পরিচালনার স্বাধীনতা) এবং ৪২ অনুচ্ছেদ (সম্পত্তির অধিকার) নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করেছে। আকস্মিকভাবে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, প্রবাসীদের পরিবার ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং নিজস্ব অর্থের ওপর নিয়ন্ত্রণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা একটি অত্যন্ত স্পর্শকাতর জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়।
গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মোবাইল ব্যাংকিং সেবা ও লেনদেন কোনো পূর্ব নোটিশ বা যথাযথ আইনগত কারণ ছাড়া বন্ধ করার ঘটনা অবিলম্বে সরেজমিনে ও নথিপত্রের ভিত্তিতে তদন্ত করার আরজি জানানো হয়েছে।
প্রার্থিত প্রতিকারে বলা হয়, বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন কার্যক্রম সম্পূর্ণরূপে আবার সচল করার জরুরি নির্দেশ দেওয়া হোক। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনি বিধান ছাড়া কোনো নির্দিষ্ট অঞ্চল, এলাকা বা জনগোষ্ঠীর আর্থিক সেবা ঢালাওভাবে স্থগিত বা বন্ধ না করার বিষয়ে কঠোর ও বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হোক।
আরও বলা হয়, অযৌক্তিক ও বেআইনিভাবে সেবা বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যায্য ও যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থে দাখিল করা এই অভিযোগের বিষয়ে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশ বা নথিপত্রের অনুলিপি আবেদনকারীকে (নোটিশদাতাকে) সরবরাহ করা হোক।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উল্লিখিত দাবি বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করতে বাধ্য হবেন বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।