
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১৩ জুলাই) সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, ভারী বৃষ্টির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থানে, বিশেষ করে ছাত্রীদের দুটি হলে (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল) জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানান। শিক্ষার্থীদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবারের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।