সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৩-২৪) দুই দিনব্যাপী নির্বাচন ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে।

বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত) শনিবার তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা হিসেবে পরিচিত) তাদের প্রার্থী ঘোষণা করেছিল।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুসকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।

অন্য দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে মো. আবদুন নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। মোমতাজ উদ্দিন  সমিতির বর্তমান সভাপতি, আর আবদুন নূর বর্তমান সম্পাদক।

সভাপতির একটি পদ, সহসভাপতির দুটি পদ, সম্পাদকের একটি পদ, কোষাধ্যক্ষের একটি পদ, সহ-সম্পাদকের দুটি পদ ও সদস্যের সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদি এই নির্বাচন হয়ে থাকে। গত নির্বাচনে (২০২২-২৩) সভাপতি ও সম্পাদকসহ সাতটি পদে জয় পান আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীরা। অপর সাতটি পদে জয় পান বিএনপি সমর্থিত আইনজীবীরা।

সহসভাপতির দুটি পদে নীল প্যানেলের প্রার্থী হলেন, হুমায়ুন কবির (মঞ্জু) ও সরকার তাহমিনা (সন্ধ্যা)। সহসভাপতি দুটি পদে সাদা প্যানেলের প্রার্থী হলেন, মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা। কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের প্রার্থী রেজাউল করিম, আর সাদা প্যানেলের প্রার্থী মাসুদ আলম চৌধুরী।

সহসম্পাদের দুটি পদে এ বি এম নূরে আলম (উজ্জ্বল) ও মোহাম্মদ হারুন–উর রশিদকে সাদা প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ দুটি পদে নীল প্যানেল থেকে মাহফুজুর রহমান (মিলন) ও মো. আবদুল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সদস্যের সাতটি পদে সাদা প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন মো. সাফায়েত হোসেন (সজীব), মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান (শাওন), সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন (স্বপন), মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানা। অন্যদিকে একই পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন ফাতিমা আক্তার, ফজলে এলাহি (অভি), শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান (আহাদ)।

এবারের নির্বাচন পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে ২ ফেব্রুয়ারি ঐকমতে৵র ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট উপকমিটি পুনর্গঠন করা হয়েছে।