১০ বছর আগের মামলায় যুবদলের ইসহাকসহ ২১ জনের সাজা

ইসহাক আলী সরকার
ফাইল ছবি

গাড়ি ভাঙচুরের অভিযোগে ১০ বছর আগের মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মী। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) হাসিবুল হক আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার।

যুবদল নেতা ইসহাকের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ২ আগস্ট গাড়ি ভাঙচুরের ঘটনায় ইসহাকসহ ৫৭ জনের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এরপর তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে ৫৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আজ রায় ঘোষণা করলেন আদালত। রায়ে যুবদলের ইসহাকসহ ২১ জনের দুই বছরের সাজা দিয়েছেন। খালাস পেয়েছেন ৩৬ জন।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। তিনি জানান, আসামিরা সবাই জামিনে ছিলেন। আজ সময় চেয়ে আবেদন করা হয়। তবে আদালত তাঁদের পলাতক দেখিয়ে রায় ঘোষণা করেন।