বিক্ষোভ মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা–কর্মীরা। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায়
বিক্ষোভ মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা–কর্মীরা। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায়

সিপিবির বিক্ষোভ

সরকারের পাঁচ মাসের শাসন মানুষের আতঙ্ক-আশঙ্কা আর দীর্ঘশ্বাস বাড়িয়েছে

সরকারের পাঁচ মাসের শাসনে মানুষের আতঙ্ক, আশঙ্কা ও দীর্ঘশ্বাস বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির অভিযোগ, জ্বালানির মূল্যবৃদ্ধি, বাজেটে কর ও ঋণের বোঝা, আইনশৃঙ্খলার অবনতি এবং জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তে জনজীবনের সংকট আরও তীব্র হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। একই দাবিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, সরকারের ব্যর্থতায় দেশ ভীতি ও অনিশ্চয়তার জনপদে পরিণত হয়েছে। তিনি মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ, সীমান্ত হত্যা ও পুশ ইন ঠেকাতে কার্যকর পদক্ষেপ এবং বন্যাদুর্গতদের পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বলেন, কর ও ঋণের বোঝা চাপিয়ে এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারীকরণের উদ্যোগ নিয়ে সরকার জনগণের স্বার্থের পরিবর্তে করপোরেট স্বার্থ রক্ষা করছে।

আরেক প্রেসিডিয়াম সদস্য দিবালোক সিংহ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত সম্পদ। এটি ইজারা বা বিদেশি নিয়ন্ত্রণে দেওয়ার যেকোনো উদ্যোগ জনগণ প্রতিহত করবে। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর গণ–আন্দোলনেরও ঘোষণা দেন সিপিবি নেতারা।