
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা হয়।
তূর্যর মৃত্যু হয় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী। শেষবারের মতো তাকে দেখাতে তূর্যর মরদেহ আজ শনিবার নিয়ে যাওয়া হয় ওই কারাগারে।
শারমিন সুলতানাকে প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
বিষয়টি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি।
শারমিনের পরিবারও বলছে, তারা প্যারোলের আবেদন করেনি। তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে।
কারাগারে মরদেহ নেওয়ার পর তূর্যর মাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ‘সে সময় তূর্যর মরদেহ জড়িয়ে ধরে কান্না করছিল তার মা। আর আক্ষেপ করে বলছিল, “আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না”।’
তূর্যর মরদেহ কারাগারে পৌঁছায় দুপুর ১২টার দিকে। সে সময় শাহাদাৎ হোসেনের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
তূর্যর মৃত্যুর পর শারমিন সুলতানার ছোট বোন শাম্মী সাংবাদিকদের বলেন, জন্মের পর থেকেই তূর্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। চোখসহ শরীরের বিভিন্ন অংশে তার ১০ থেকে ১২টি অস্ত্রোপচার হয়েছে।
শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘আমি আমার বোনের মুক্তি চাই, তার অপর একটি শিশুসন্তানের জন্য। এই সরকারের কাছে চাই, আপনারা আমার বোনকে মুক্তি দেন।’
কারাগার সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের শুরুর দিকে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো তাকে দেখতে চেয়ে আবেদন করেছিলেন শারমিন সুলতানা। পরে তাঁকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, শারমিন সুলতানা নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবারের অভিযোগ, তাঁকে আটকের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।