হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে
হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে

হামে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

হামে মৃত্যু কমছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে পরীক্ষায় ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৫০৪ জন। চট্টগ্রাম বিভাগে ২৪৮, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামের ৬৩ জন রোগীই ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজন মারা গেছে। তবে বিজ্ঞপ্তিতে মৃত ব্যক্তিদের বয়স বা পরিচয় উল্লেখ করা হয়নি।

১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে নিশ্চিত হামের রোগী সবচেয়ে বেশি, ১৪ হাজার ৮৩৮ জন। চট্টগ্রামে ৩ হাজার ৪০৮, রাজশাহীতে ১ হাজার ৪২০, সিলেটে ১ হাজার ১১৪, বরিশালে ৮১৩, ময়মনসিংহে ৭৭৫, রংপুরে ৬৬৬ এবং খুলনায় ৫০৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।