
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এ ঘটনায় আরও পাঁচজন চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন কাজী ও মো. ফরিদ। গতকাল দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা হলেন ফিরোজ আল মামুন ফয়সাল (৩৬), সাদ মাহমুদ (২৩), মো. রাকিব (২৮), মো. আফজাল (২৪) মো. ফরিদুল (২৭) ও মো. জহিরুল (২৬)।
হাসপাতাল সূত্র জানায়, আগুনের ঘটনায় আরও পাঁচজন চিকিৎসাধীন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. রাকিব (২৫), মেহেদী হাসান (২২) ও সুমাইয়া (৩১)। বাকি দুজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁরা হলেন মো. ইকবাল হোসেন (২২) ও মুজাহিদুল ইসলাম জোবায়ের (২১)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাঁরা চিকিৎসাধীন, তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এই মুহূর্তে কাউকে আশঙ্কামুক্ত বলছি না। তবে তাঁদের অবস্থা কিছুটা উন্নতির দিকে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেছেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দুজন অর্থোপেডিক বিভাগে ভর্তি রয়েছেন। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। আগুনের ঝুঁকি ও অনুমোদন না থাকার পরও ভবনটিতে আটটি রেস্তোরাঁ চলছিল বছরের পর বছর ধরে। সপ্তাহের শেষ কর্মদিবসে সেখানে খেতে ভিড় করেছিলেন নগরের বাসিন্দারা।
এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। বেইলি রোডসহ ঢাকা সিটি করপোরেশনের আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও বেইলি রোডে আগুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।