
চট্টগ্রামের লোহাগাড়ায় জানে আলম হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও আবুল কাশেম নামের এক ব্যক্তির ৭ বছর ধরে কনডেমড সেলে থাকা বিষয়ে বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিষয়টি অনুসন্ধান করে ২৫ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আবুল কাশেমের কনডেমড সেলে থাকা নিয়ে অনলাইন নিউজ পোর্টালে আসা প্রতিবেদন যুক্ত করে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ওই আবেদন করেন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
আবেদনকারীপক্ষ জানায়, ওই হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে আবুল কাশেমসহ ১২ জনের ফাঁসি হয়। পরে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট রায় দেন। এই রায়ে আবুল কাশেমের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ ছিল না। পরে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর হাইকোর্ট আগের রায় সংশোধন করে নতুন রায় দেন। সংশোধিত রায়ে কাশেম খালাস পান।
আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘অন্য এক মামলায় হাজিরা দিতে গেলে ২০১৫ সালের ১৪ এপ্রিল চট্টগ্রামের আদালত কাশেমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান। তখন থেকে কারাগারের কনডেমড সেলে আছেন তিনি। খালাসের পর আবুল কাশেমের সাত বছর ধরে কনডেমড সেলে থাকার কারণ নির্ণয়ে অনুসন্ধান করে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে ২৫ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।’