
ডেঙ্গুর চিকিৎসার জন্য সহায়তা পাওয়া সাড়ে তিন মাসের শিশু আয়েশা এখন সুস্থ হয়ে উঠেছে। আজ সোমবার বিকেলে নতুন জামা গায়ে দিয়েছে সে। গোলাপি বালিশ পাশে রেখে ছবি তোলা হয়েছে ওর। মুঠোফোনের ক্যামেরার দিকে তাকিয়ে একটা চওড়া হাসি উপহার দিয়েছে শিশুটি। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে বাড়ি নেওয়ার কথা ভাবছে পরিবার।
এক সপ্তাহ আগেই ডেঙ্গুর শক সিনড্রোমে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল আয়েশা। চিকিৎসক তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে বললেও টাকার অভাবে সে কথা ভাবছিল না তার পরিবার। একজনের গাড়ি চালিয়ে সংসার চালানো আয়েশার বাবার কাছে ঢাকা শিশু হাসপাতালের ‘পেয়িং’ বেডের খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়ছিল। এ কারণে আয়েশাকে হাসপাতালের বিনা মূল্যের শয্যায় নিয়ে যায় পরিবার।
বিষয়টি নিয়ে প্রথম আলো অনলাইনে ১ আগস্ট ‘চোখ খুলছে না আয়েশা, টাকার অভাবে আইসিইউতে নিতে পারবে না পরিবার’ শিরোনাম সংবাদ প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের অনেকেই এগিয়ে আসেন শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে।
আয়েশার চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকেও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। সেদিন রাতেই আয়েশাকে শিশু হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। চার দিন আইসিইউতে থাকার পর ৫ আগস্ট বিকেলে আয়েশাকে দেওয়া হয় সাধারণ শয্যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আয়েশার রক্তের অণুচক্রিকা ৫০ হাজারের নিচে নেমে গিয়েছিল।
আয়েশাকে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে নেওয়ার সময় বয়স ছিল ৩ মাস ২০ দিন। এখন বয়স সাত দিন বেড়েছে। আজ সন্ধ্যায় আয়েশার চিকিৎসক অধ্যাপক প্রবীর কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘আইসিইউতে নেওয়ার পর থেকে আয়েশার শারীরিক অবস্থার খুব দ্রুত উন্নতি হয়েছে। শনিবার বিকেলে তাকে বেডে দেওয়া হয়েছে। রক্তের অণুচক্রিকা এখন প্রায় পৌনে তিন লাখ। হিমোগ্লোবিনও এখন ঠিক আছে। আশা করা যায়, মঙ্গলবার ও বাড়ি ফিরতে পারবে।’
চিকিৎসকের আশ্বাস শুনে যোগাযোগ করা হয় আয়েশার বাবা আনসারুল হকের সঙ্গে। আনন্দে ভাসছেন তিনি। মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তাই সব ব্যবস্থা করতে গিয়েছেন মহাখালীর বাসায়। প্রথম আলোকে বললেন, ‘আপনাদের দোয়া আর ডাক্তারের চেষ্টায় আমার মেয়ে সুস্থ হয়ে উঠছে। এমন ভয় দেখাইল মেয়ে এই বয়সে। দোয়া করবেন, যেন সুস্থ থাকে।’
‘চোখ খুলছে না আয়েশা, টাকার অভাবে আইসিইউতে নিতে পারবে না পরিবার’ শিরোনামের ওই প্রতিবেদনে ডেঙ্গুতে গুরুতর অসুস্থ হয়ে পড়া আরেক শিশু সুমাইয়ার কথা উল্লেখ করা হয়েছিল। ১৩ বছরের সুমাইয়াও ডেঙ্গুর শক সিনড্রোমে ভুগছিল। তারও আইসিইউ প্রয়োজন ছিল। সেই সুমাইয়াও এখন ভালো আছে। মুঠোফোনে সে কথা বলে ধন্যবাদ জানিয়েছে। সুমাইয়া এখন আছে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে।
ওই সময় ঢাকা শিশু হাসপাতালে আইসিইউর শয্যা ফাঁকা না থাকায় সুমাইয়াকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছুটে গিয়েছিলেন বাবা আনোয়ার শেখ। ছোট্ট একটি চা-দোকান চালানো আনোয়ারের সঙ্গেও তাঁর মেয়ের চিকিৎসার ব্যয় বহনের দায়িত্ব নিয়ে কয়েক দফা কথা বলা হয়েছে ঢাকা উত্তরের মেয়রের পক্ষ থেকে। সুমাইয়ার বাবা আনোয়ার শেখ প্রথম আলোকে বললেন, সব ঠিক থাকলে মঙ্গল বা বুধবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি।